২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেওয়ার পর ফিফা ও ম্যাচ রেফারির ওপর চরম ক্ষোভ উগরে দিয়েছেন মিশরের কোচ হোসাম হাসান।
তার দাবি, মাঠের খেলায় নয়, বরং সম্পূর্ণ কারচুপি করে তাদের কাছ থেকে জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। নিজেদের ব্যবসায়িক স্বার্থ ও মুনাফার কথা চিন্তা করেই ফিফা লিওনেল মেসি ও আর্জেন্টিনাকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে চায় বলে বিস্ফোরক মন্তব্য করেছেন এই ফারাও মাস্টারমাইন্ড।
ম্যাচ পরবর্তী অফিশিয়াল প্রেস ব্রিফিংয়ে ক্ষুব্ধ হোসাম হাসান বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে ধুয়ে দিয়ে বলেন, “নিজেদের ব্যবসার স্বার্থে ফিফা আর্জেন্টিনা ও মেসিকে এই বিশ্বকাপে রেখে দিতে চায়। তারা যদি আগে থেকেই আর্জেন্টিনার জয় নিশ্চিত করতে চায়, তবে শুধু শুধু অন্য দলগুলোকে এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য আহ্বান জানায় কেন?”
ম্যাচ পরিচালনা ও রেফারির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, “আজকের ম্যাচটি সম্পূর্ণ কারচুপি ছিল এবং পুরো বিশ্ব তা লাইভ দেখেছে। আমরা মাঠের পারফরম্যান্সে আর্জেন্টিনার চেয়ে অনেক ভালো ছিলাম। আজকের পর মনে হচ্ছে ফুটবল আসলে মোটেও ‘ফেয়ার’ কোনো খেলা নয়।”
ম্যাচের শেষ দিকে মিশর একটি নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে দাবি করে এই কোচ বলেন, “আমরা একদম স্পষ্ট একটি পেনাল্টি পেয়েছিলাম, কিন্তু রেফারি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেটি দেননি। এছাড়া দ্বিতীয়ার্থের শুরুতে জিকোর করা গোলটি বাতিল করা হয়, যা আমাদের দৃষ্টিতে সম্পূর্ণ বৈধ ছিল।” রেফারি ও ফিফার এই পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদের অংশ হিসেবে তিনি চলতি বিশ্বকাপের বাকি সব ম্যাচ দেখা বয়কট করবেন বলেও সাফ জানিয়ে দেন।
নিজেদের দলের ওপর আস্থা প্রকাশ করে হোসাম হাসান বলেন, “মাঠে যদি শতভাগ ন্যায্যতা ও নিরপেক্ষতা বজায় থাকে, তবে আমি আমার খেলোয়াড়দের বলেছি যে আমরা বিশ্বের যেকোনো বড় দলের বিপক্ষেই লড়াই করে জিততে পারব।”
এছাড়া ম্যাচ শুরুর আগেই প্রধান রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার ফরাসি নাগরিক হওয়ায় তাঁর রেফারিং নিয়ে অফিশিয়ালি আপত্তি তুলেছিলেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন মিশরের এই কড়া মেজাজের কোচ।
সময়ের আলো/জেডি