কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ধসে ঘুমন্ত অবস্থায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (ভোররাতে) উপজেলার বরইতলী ইউনিয়নের মোহছেনিয়া কাটা পাহাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো, রুমি আক্তার (১৫) ও মোহাম্মদ তৌসিফ (১০)। রুমি মোহছেনিয়া কাটা গ্রামের মোহাম্মদ কাজলের মেয়ে এবং বরইতলী দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী। আর তৌসিফ একই এলাকার আবদুল মজিদের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।
বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান জানান, গত দুই দিন ধরে টানা বৃষ্টি ও পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে। এর মধ্যেই পাহাড়ধসের ঘটনায় দুই শিশুর মৃত্যু হলো।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ারও পাহাড়ধসে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, গত চার দিনে কক্সবাজারে পাহাড়ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে প্রাণ হারিয়েছেন ১৩ জন রোহিঙ্গা।
প্রবল বৃষ্টি ও পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণ বসবাসের কারণে কক্সবাজারে পাহাড়ধসের আশঙ্কা আরও বেড়েছে। স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
সময়ের আলো/এসএকে