জঙ্গি কর্মকাণ্ডে সম্পৃক্ততার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশিকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন। রিমান্ডে পাঠানো দুজন হলেন সাহেদুল ইসলাম ও রিশাদ তায়ানী।
এর আগে, গত ৮ জুলাই বিমানবন্দর থানার সাধারণ ডায়েরির (জিডি) সূত্রে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই আশরাফুল আলম।
রিমান্ড আবেদনে বলা হয়, সিঙ্গাপুরে অবস্থানকালে জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে সিঙ্গাপুর পুলিশ তাদের আটক করে। পরে বিমানে করে তাদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয় এবং ইমিগ্রেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি সিটিটিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে জানার পর ঢাকার ইমিগ্রেশনের ডিউটি অফিসারের কক্ষ থেকে তাদের হেফাজতে নেওয়া হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও তিনটি পাসপোর্ট জব্দ করা হয়।
আবেদনে আরও বলা হয়, থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে জানা যায়, সিঙ্গাপুরে অবস্থানকালে তারা বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তারা বাংলাদেশসহ বিভিন্ন দেশে জঙ্গি হামলা চালানোর সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করা হয়। এছাড়া, বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে গিয়ে তারা ধর্তব্য অপরাধে জড়িত থাকার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়ায় সিঙ্গাপুর পুলিশ তাদের আটক করে। পরে জিডি সূত্রে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাদের গ্রেফতার করা হয়।
রিমান্ড আবেদনে আরও উল্লেখ করা হয়, তারা বাংলাদেশের কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে জড়িত কি না, কোন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নিষিদ্ধ কার্যক্রম পরিচালনা করতেন, জঙ্গি কার্যক্রমে অর্থের জোগানদাতা কারা, বাংলাদেশে তাদের কোনো নেটওয়ার্ক রয়েছে কি না এবং আন্তর্জাতিক কোনো নিষিদ্ধ সংগঠনের সঙ্গে তাদের সম্পৃক্ততা আছে কি না এসব বিষয়ে জানতে তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।