কয়েকশ কোটি টাকার আধুনিক হল, সামনে এখনো টিনের বেড়া

জাবি প্রতিনিধি

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নারী শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে নির্মিত নতুন আবাসিক হলগুলো আধুনিক সুযোগ-সুবিধা ও উন্নত অবকাঠামো নিয়ে চালু হলেও

2026-07-10T01:11:17+00:00
2026-07-10T01:11:17+00:00
 
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিক্ষা
কয়েকশ কোটি টাকার আধুনিক হল, সামনে এখনো টিনের বেড়া
জাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১:১১ এএম 
ছবি : সময়ের আলো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নারী শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে নির্মিত নতুন আবাসিক হলগুলো আধুনিক সুযোগ-সুবিধা ও উন্নত অবকাঠামো নিয়ে চালু হলেও এখনো স্থায়ী সীমানা প্রাচীর নির্মাণ না হওয়ায় নিরাপত্তা ও নান্দনিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হল, বেগম রোকেয়া হল ও তারামন বিবি হলের সামনের অংশে এখনো অস্থায়ী টিনের বেড়া রয়েছে। দীর্ঘদিন রোদ-বৃষ্টিতে টিনগুলো মরিচাধরা ও রংচটা হয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক ও বাণিজ্যিক পোস্টার-লিফলেটেও ঢেকে গেছে বেড়ার বড় অংশ। ফলে বাইরে থেকে ভবনগুলো দেখে অনেকের কাছেই মনে হতে পারে, নির্মাণকাজ এখনো শেষ হয়নি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কয়েকশ কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব আবাসিক হলে বর্তমানে প্রায় তিন হাজার নারী শিক্ষার্থী বসবাস করছেন। তবে স্থায়ী সীমানা প্রাচীর নির্মাণের কাজ এখনো শুরু না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

শিক্ষার্থীদের মতে, একটি আবাসিক হলের নিরাপত্তা শুধু ভবনের অভ্যন্তরীণ ব্যবস্থাপনার ওপর নির্ভর করে না; চারপাশের সীমানা, প্রবেশপথ, আলোকসজ্জা ও নজরদারি ব্যবস্থাও সমান গুরুত্বপূর্ণ। স্থায়ী প্রাচীরের পরিবর্তে অস্থায়ী টিনের বেড়া ব্যবহার করায় নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা উভয় ক্ষেত্রেই প্রশ্ন থেকে যাচ্ছে।

বেগম রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী সাথী বলেন, “কয়েকশ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক নারী হলগুলোর সামনে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ টিনের বেড়া থাকা অত্যন্ত হতাশাজনক। এটি শুধু বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য নষ্ট করছে না, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তৈরি করছে। প্রায় তিন হাজার শিক্ষার্থীর আবাসস্থলে এমন অস্থায়ী ব্যবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দ্রুত স্থায়ী ও মানসম্মত সীমানা প্রাচীর নির্মাণ করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা উচিত।”


তারামন বিবি হলের আবাসিক শিক্ষার্থী নিলিমা বলেন, “নতুন তিনটি আবাসিক হলের চারপাশে এখনো স্থায়ী সীমানা প্রাচীর না থাকা উদ্বেগজনক। টিনের অস্থায়ী বেড়া কোনোভাবেই নিরাপদ সমাধান নয়। নিরাপত্তার পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তা ও মানসিক স্বস্তির বিষয়টিও গুরুত্বপূর্ণ। তাই দ্রুত স্থায়ী সীমানা প্রাচীর নির্মাণের পাশাপাশি পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি নজরদারি এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।”

ফজিলাতুন্নেছা হল শিক্ষার্থী সংসদের সহ-সভাপতি (ভিপি) ঐশী সরকার বলেন, “নতুন তিনটি হলের সামনে স্থায়ী সীমানা প্রাচীর নির্মাণের দাবিতে হল সংসদের পক্ষ থেকে একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। বিষয়টি দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।”

এ বিষয়ে তারামন বিবি হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবেদা সুলতানা বলেন, নতুন হলগুলোর সীমানা বর্তমান সড়ক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই স্থায়ী সীমানা প্রাচীর নির্মাণের আগে রাস্তা সম্প্রসারণ ও ফুটপাত নির্মাণের কাজ শেষ করতে হবে। হল প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। অবকাঠামোগত কাজ শেষ হলেই সীমানা প্রাচীর নির্মাণ শুরু হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক প্রকৌশলী মো. নাসির উদ্দিনও জানান, রাস্তা সম্প্রসারণ ও ফুটপাত নির্মাণ শেষ হওয়ার পর নতুন হলগুলোর স্থায়ী সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করা হবে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনার অন্তর্ভুক্ত রয়েছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, একটি আধুনিক আবাসিক হল শুধু দৃষ্টিনন্দন ভবন নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; নিরাপদ, সুশৃঙ্খল ও পূর্ণাঙ্গ আবাসন পরিবেশ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। স্থায়ী সীমানা প্রাচীর, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং পরিচ্ছন্ন পরিবেশ একটি নারী আবাসিক হলের অপরিহার্য অংশ।

শিক্ষার্থীদের প্রত্যাশা, প্রয়োজনীয় অবকাঠামোগত কাজ দ্রুত শেষ করে প্রশাসন যেন আর বিলম্ব না করে নতুন তিনটি নারী আবাসিক হলের চারপাশে স্থায়ী সীমানা প্রাচীর নির্মাণ করে। এতে যেমন বিশ্ববিদ্যালয়ের আধুনিক অবকাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নান্দনিক পরিবেশ গড়ে উঠবে, তেমনি নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা ও মানসিক স্বস্তিও আরও নিশ্চিত হবে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  জাবি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: