ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে জুলাই জাদুঘর পরিদর্শনের সময় লোডশেডিংয়ের কবলে পড়েন ঢাকায় মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা। পরে মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে তাদের জাদুঘরের বিভিন্ন স্মৃতিচিহ্ন দেখানো হয়।
রোববার (২৩ আগস্ট) ডাকসুর ভিপি সাদিক কায়েমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে মার্কিন প্রতিনিধিদল জুলাই জাদুঘর পরিদর্শন করেন। এ সময় মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস এ. স্টুয়ার্ড ও পাবলিক ডিপ্লোম্যাসি অফিসার স্কট হার্টম্যান উপস্থিত ছিলেন।
ডাকসুর কার্যনির্বাহী সদস্য মো. শাহিনুর রহমান জানান, জাদুঘর পরিদর্শন শুরুর পরই হঠাৎ বিদ্যুৎ চলে যায়। প্রতিনিধিদল চলে যাওয়ার সময়ও ভবনে বিদ্যুৎ ফেরেনি। পরে মোবাইলের ফ্ল্যাশলাইটের আলোয় আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমসহ জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতিবিজড়িত বিভিন্ন সামগ্রী দেখানো হয়।
এর আগে সাদিক কায়েমের সঙ্গে বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, স্কলারশিপ, গবেষণা, একাডেমিক এক্সচেঞ্জ ও দক্ষতা উন্নয়নের সুযোগ নিয়ে আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও আর্থিক সহায়তা সহজ করা এবং বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি নিয়ে কর্মশালা ও কাউন্সেলিং আয়োজনের বিষয়েও মতবিনিময় করেন তারা।
শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে সম্পৃক্ততা ও নেতৃত্ব বিকাশে ভবিষ্যতে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা জানান ডাকসু ভিপি।
সময়ের আলো/এমকে