ক্রিপ্টোকারেন্সিতে কেনাবেচা শরিয়াহসম্মত নয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভার্চুয়াল মুদ্রা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে কোনো ধরনের পণ্য বা সেবা কেনাবেচা ইসলামি আইন (শরিয়াহ) অনুযায়ী জায়েজ (বৈধ) নয় বলে ফতোয়া

2026-07-11T11:58:58+00:00
2026-07-11T11:58:58+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মুফতি তাকি উসমানী
ক্রিপ্টোকারেন্সিতে কেনাবেচা শরিয়াহসম্মত নয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১১:৫৮ এএম 
পাকিস্তানের প্রখ্যাত ইসলামিক স্কলার মুফতি তাকি উসমানী। ছবি : সংগৃহীত
ভার্চুয়াল মুদ্রা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে কোনো ধরনের পণ্য বা সেবা কেনাবেচা ইসলামি আইন (শরিয়াহ) অনুযায়ী জায়েজ (বৈধ) নয় বলে ফতোয়া দিয়েছেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামি স্কলার মুফতি মুহাম্মদ তাকি উসমানী। তিনি পাকিস্তানের কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড ‘উইফাক-উল-মাদারিস আল-আরাবিয়া পাকিস্তান’ এবং জামিয়া দারুল উলুম করাচির সভাপতি।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement
ইসলামি বিশেষজ্ঞদের মতামত ও দীর্ঘ পর্যালোচনার ভিত্তিতে দেওয়া ফতোয়ায় বলা হয়েছে, ইসলামি আইনের দৃষ্টিতে ক্রিপ্টোকারেন্সিকে ‘মাল’ (সম্পত্তি বা সম্পদ) হিসেবে গণ্য করা যায় না। কারণ এটি মূলত একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে থাকা কিছু কাল্পনিক সংখ্যার ডিজিটাল নথি মাত্র। ফলে শরিয়া আইনের দৃষ্টিতে ক্রিপ্টোকারেন্সির সম্পদের মর্যাদা নেই।

মুফতি তাকি উসমানী বলেন, লেনদেনের মাধ্যম হিসেবে ইউএসডিটি (টেথার) কিংবা অন্য যেকোনো ক্রিপ্টো টোকেন ব্যবহার করা হোক না কেন, এর মাধ্যমে পণ্য কেনা শরিয়তসম্মত নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফতোয়াটির সত্যতা নিশ্চিত করেছেন তার ছেলে হাসান উসমানী। তিনি জানান, প্রচারিত ফতোয়াটি নির্ভরযোগ্য এবং সেটি প্রকৃতপক্ষে মুফতি তাকি উসমানীই জারি করেছেন।


সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, এক ব্যক্তির লিখিত প্রশ্নের জবাবে এই ফতোয়া দেওয়া হয়। ওই ব্যক্তি জানতে চেয়েছিলেন, তিনি ক্রিপ্টো টোকেন ও ইউএসডিটি ব্যবহার করে এক বিক্রেতার কাছ থেকে দুটি বই কিনেছেন। এ ধরনের লেনদেন ধর্মীয়ভাবে বৈধ কি না এবং বৈধ না হলে তার করণীয় কী।

এ ছাড়া প্রশ্নকারী মূল মালিকের অনুমতি ছাড়া নকল করে পুনরায় বিক্রির উদ্দেশ্যে তৈরি করা একটি শিক্ষামূলক কোর্স ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কেনার বিষয়েও দিকনির্দেশনা চান। তিনি জানান, একজন ব্যক্তি মূল মালিকের অনুমতি ছাড়া একটি কোর্সের উপকরণ নকল করে বিক্রির জন্য একটি গ্রুপ তৈরি করেন এবং তিনি ওই ব্যক্তির কাছ থেকে ক্রিপ্টোকারেন্সি দিয়ে কোর্সটি কেনেন।

এর জবাবে ফতোয়ায় বলা হয়েছে, যেহেতু ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কেনাকাটা শরিয়াহসম্মত নয়, তাই প্রশ্নকারীকে বই দুটি বিক্রেতার কাছে ফেরত দিতে হবে।

ফতোয়ায় আরও বলা হয়েছে, কপিরাইট বা আইন লঙ্ঘন করে তৈরি করা ওই শিক্ষামূলক কোর্স সংগ্রহ করাও বৈধ নয়। তাই প্রশ্নকারীকে ওই কোর্স থেকে কোনো ধরনের সুবিধা গ্রহণ না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ডিজিটাল ফরম্যাটে সংরক্ষিত কোর্সের সব উপকরণ ডিভাইস থেকে স্থায়ীভাবে মুছে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   মুফতি তাকি উসমানী  ফতোয়া 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: