ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্কুলে ছুটি ঘোষণা, পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

বৈরী আবহাওয়া ও টানা ভারী বৃষ্টিপাতের কারণে রাজধানীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে রোববার (১২ জুলাই) ক্লাস ও চলমান অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত

2026-07-12T08:30:37+00:00
2026-07-12T08:33:34+00:00
 
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬
শিক্ষা
ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্কুলে ছুটি ঘোষণা, পরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৮:৩০ এএম  আপডেট: ১২.০৭.২০২৬ ৮:৩৩ এএম
ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্কুলে ছুটি ঘোষণা, পরীক্ষা স্থগিত। এআই ছবি
বৈরী আবহাওয়া ও টানা ভারী বৃষ্টিপাতের কারণে রাজধানীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে রোববার (১২ জুলাই) ক্লাস ও চলমান অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ এবং সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ।  

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বারিধারা শাখার এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও টানা ভারী বৃষ্টিপাতের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আজকের নির্ধারিত সকল পরীক্ষা এবং সকল শ্রেণির পাঠদান স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

অনুরূপ নোটিশ জারি করেছে সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষও। তারা জানিয়েছে, প্রবল বৃষ্টির কারণে স্কুল ও কলেজের সকল শ্রেণির ক্লাস এবং পরীক্ষা আজ স্থগিত থাকবে। সংশোধিত সময়সূচি পরে শিক্ষার্থীদের জানানো হবে।

আবহাওয়া অফিস জানায়, গত কয়েকদিন ধরেই ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে। আজ ভোর থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন নিচু এলাকায় কোমর থেকে হাঁটু পর্যন্ত জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে সকালে সন্তানকে স্কুলে পাঠানো নিয়ে চরম শঙ্কায় পড়েন অভিভাবকরা। 

উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে বিভিন্ন স্কুল ছুটির সিদ্ধান্ত নিতে শুরু করেছে। আরও কয়েকটি স্কুল কর্তৃপক্ষ দ্রুতই তাদের সিদ্ধান্তের কথা জানাবে বলে জানা গেছে।


এদিকে রাজধানীর ঐতিহ্যবাহী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজেও বর্তমানে অর্ধবার্ষিক পরীক্ষা চলছে। তবে তীব্র জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা স্থগিত না করায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষা স্থগিতের দাবি জানিয়ে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক লিখেছেন, ‘রাস্তায় পানি থৈথৈ করছে। কোনটা ড্রেন, কোথায় ঢাকনা আছে আর কোথায় নেই— কিছুই বোঝা যাচ্ছে না। এমন অবস্থায় বাচ্চাকে নিয়ে বের হতে ভয় লাগছে।’ 

আরেক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেছেন, ‘অন্য অনেক স্কুল বন্ধ ঘোষণা করছে। আর ভিকারুন্নিসা কর্তৃপক্ষ পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে এত দেরি করছে কেন?’

এ বিষয়ে জানতে চাইলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, ‘স্কুলে তো পরীক্ষা চলছে। পরীক্ষা স্থগিতের বিষয়ে আমরা নিজেরা আলোচনা করছি। যদি পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তবে দ্রুতই বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।’

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ভারী বৃষ্টি  রাজধানী  স্কুল  ছুটি ঘোষণা  পরীক্ষা স্থগিত 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: