রাজধানীতে শনিবার গভীর রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত রোববার সকালেও অব্যাহত রয়েছে। ভোর থেকে একটানা মুষলধারে বৃষ্টির কারণে ঢাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দিনের শুরুতেই দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, শনিবার রাত ১২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবীর জানিয়েছেন, চলতি মাসে এই সময়ের মধ্যে রাজধানীতে এটিই সর্বোচ্চ বৃষ্টিপাত। স্বল্প সময়ের মধ্যে এত বেশি বৃষ্টি হওয়ায় নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।
সরেজমিনে দেখা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর গ্রিনরোড, তেজতুরী বাজার, পান্থপথ, বসুন্ধরা আবাসিক এলাকা, মণিপুর, ধানমন্ডি ২৭ ও ৩২ নম্বর এলাকা, মোহাম্মদপুর এবং কালশীসহ বিভিন্ন স্থানে সড়কে পানি জমে রয়েছে। কোথাও কোথাও হাঁটুপানি থাকায় যান চলাচল ও পথচারীদের চলাফেরা ব্যাহত হচ্ছে।
সবচেয়ে বেশি জলাবদ্ধতা দেখা গেছে শেওড়াপাড়া এলাকায়। সেখানে প্রধান সড়কের পাশাপাশি আশপাশের অলিগলিও পানিতে তলিয়ে গেছে। এছাড়া মোহাম্মদপুর, ধানমন্ডি ২৭ ও ৩২ নম্বর এলাকার পেছনের সড়কগুলোতে হাঁটুপানি জমেছে। গ্রিনরোড, পান্থপথ এবং কলাবাগানের অভ্যন্তরীণ সড়কেও দীর্ঘ সময় ধরে পানি আটকে থাকতে দেখা গেছে।
সময়ের আলো/আরবিএন