জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ন্যূনতম লজ্জা বা ব্যক্তিত্ব থাকলে তিনি ভারতে গিয়ে আত্মহত্যা করতেন। শনিবার (১১ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে এক পদযাত্রায় তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, ইতিহাসের কোনো স্বৈরাচারই পতনের পর আর ফিরে আসেনি। বিগত ৮০০ বছরের ইতিহাসে লক্ষণ সেনের পর শেখ হাসিনার মতো এভাবে কেউ পালিয়ে যায়নি। এমনকি পাকিস্তান বা ব্রিটিশ আমলেও কেউ এত লজ্জাজনকভাবে দেশ ছেড়ে যায়নি।
তিনি আরও বলেন, ১৯৭১ সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমানের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও, স্বাধীনতার পর ৭২ থেকে ৭৫ সালের মধ্যে তিনি স্বৈরাচারের বীজ বপন করেছিলেন। প্রথম স্বৈরাচারের বীজ বপন করা হয়েছিল ৭২ সালের ১০ জানুয়ারিতেই।
আওয়ামী লীগ আমলের সমালোচনা করে তিনি বলেন, গণ-অভ্যুত্থানের আগে মিডিয়াকে নিয়ন্ত্রণ করে আলেমদের ওপর অত্যাচারকে জঙ্গিবাদ হিসেবে দেখান হতো। অভ্যুত্থানের পর কিছুদিন সংবাদ মাধ্যম স্বাধীন থাকলেও, বর্তমানে ক্ষমতাসীন দলের কিছু নেতা আবার সত্য প্রচারে বাধা দিচ্ছেন।
নির্বাচিত বিএনপি সরকারের সমালোচনা করে সারজিস আলম বলেন, বিগত সাড়ে চার মাসে সব সরকারি সুযোগ-সুবিধা কেবল বিএনপির নেতা ও ভোটারদের দেওয়া হচ্ছে। কিছু নেতা টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও জমি দখলের পেছনে শেল্টার দিচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন।
তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। তাই দলমত নির্বিশেষে সব চাঁদাবাজ, দখলবাজ ও মাদক কারবারিদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
সময়ের আলো/জেডি