পাথর দিয়ে আঘাত করে ব্যবসায়ীকে হত্যা, ২১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

আদালত প্রতিবেদক

আইন-আদালত

রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে মো. সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে

2026-07-12T18:57:25+00:00
2026-07-12T18:57:25+00:00
 
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬
আইন-আদালত
পাথর দিয়ে আঘাত করে ব্যবসায়ীকে হত্যা, ২১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
আদালত প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৬:৫৭ পিএম 
ছবি : সংগৃহীত
রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে মো. সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যার ঘটনায় করা মামলায় ২১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

রোববার (১২ জুলাই) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ অভিযোগ গঠনের এই আদেশ দেন। এদিন আসামিপক্ষের আইনজীবীরা মামলা দায় থেকে তাদের অব্যাহতি চেয়ে আবেদন করেন। এসময় রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন।

শুনানিকালে আদালতে উপস্থিত আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন। আগামী ১৯ জুলাই সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন আদালত। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী এ এস এম শাহাদাৎ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

বিচার শুরু হওয়া আসামিরা হলেন- মাহমুদ হাসান মাহিন ওরফে মাহমুদুল হাসান (মহিন), তারেক রহমান রবিন, টিটন গাজী, আলমগীর, মনির ওরফে লম্বা মনির, সজীব বেপারী, নানু কাজী, রিজওয়ান উদ্দীন ওরফে অভিজিৎ বসু, জহিরুল ইসলাম, সাগর, রুমান বেপারী, আবির হোসেন ও মো. পারভেজ, জহিরুল ওরফে জলিল, মো. ইমরান, শারাফাত ওরফে শফিউল ইসলাম, জিয়াউদ্দিন রাজিব, হোসেন চৌকিদার, সারোয়ার হোসেন টিটু, মঙ্গল মিয়া ওরফে মনির হোসেন ও অপু দাস। আসামিদের মধ্যে প্রথম ১০ জন কারাগারে আটক রয়েছেন। পরের তিনজন উচ্চ আদালতে থেকে জামিনে রয়েছেন। শেষের আট জন পলাতক রয়েছেন।

আরও পড়ুন

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে পাকা রাস্তার ওপর একদল লোক ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে এলোপাতাড়িভাবে পাথর দিয়ে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। ওই ঘটনায় পরের দিন ১০ জুলাই নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

তদন্ত শেষে গত ৮ ডিসেম্বর ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার (বর্তমানে শাহবাগ) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

সময়ের আলো/আআ


  বিষয়:   পাথর  আঘাত  ব্যবসায়ী  হত্যা  অভিযোগ  গঠন  সময়ের আলো 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: