দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরে টানা ও ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। অতিভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অন্যদিকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় জনজীবন ব্যাহত হচ্ছে।
সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় সোমবার সন্ধ্যার পরও পরবর্তী ২৪ ঘণ্টা দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
সময়ের আলো/এসএকে