টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে মাদারীপুরের পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৬টার দিকে মাদারীপুর সরকারি কলেজ গেটের সামনে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (১৩ জুলাই) প্রচণ্ড বৃষ্টি ও তীব্র জলাবদ্ধতার মধ্যেও পরীক্ষা নেওয়ার প্রতিবাদে তারা রাস্তায় নেমে আসেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বিভিন্ন স্লোগান দেন। তাদের স্লোগানের মধ্যে ছিল—‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি’, ‘আমরা কেন পানিতে, শিক্ষামন্ত্রী এসিতে’ ইত্যাদি। আন্দোলনের কারণে প্রায় আধা ঘণ্টা ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে, যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
আন্দোলনে অংশ নেওয়া মাদারীপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ইসমাইল শরীফ বলেন, আমাদের ভাই-বোনেরা পানির মধ্যে চরম দুর্ভোগ সহ্য করে পরীক্ষা দিয়েছে। আমরা এই হঠকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই। সমস্যার সমাধান না করে আগামীকালও যদি পরীক্ষা নেওয়া হয়, তবে আমরা আরও বড় আন্দোলনে নামতে বাধ্য হব। আমরা অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই।
বিক্ষোভ কর্মসূচিতে পরীক্ষার্থী আবু সাইদ, নাহিয়ান, মুসা, আরিফুল ইসলাম মাহিসহ মাদারীপুরের বিভিন্ন কলেজের বিপুলসংখ্যক এইচএসসি পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জোই