চলতি মাসেই নরওয়ে এবং ফিনল্যান্ড প্রবাসীদের জন্য শুরু হতে যাচ্ছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম। মঙ্গলবার (১৪ জুলাই) বিষয়টি জানিয়েছে ইসি কর্মকর্তারা।
নরওয়ে এবং ফিনল্যান্ডের বসবাসকারীদের জন্য এই সেবা চালু করা হলেও তাদের সুইডেন থেকে আসতে হবে। কারণ, নরওয়ে ও ফিনল্যান্ডের প্রবাসীরা কনস্যুলেট সেবা সুইডেন থেকে নেন। আর প্রবাসে এনআইডি সেবা দেওয়া হয় সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে।
চলতি মাসে এই দুই দেশ ছাড়াও সিঙ্গাপুর, বাহরাইন ও সুইডেনে ভোটার নিবন্ধন ও এনআইডি কার্যক্রম শুরু করছে ইসি। এ জন্য তিন নির্বাচন কমিশনার দেশ তিনটিতে পৃথভাবে সফর করবেন। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার সুইডেনে একই কাজে ৩০ জুলাই থেকে ৫ আগস্ট অবস্থান করবেন। ফিরবেন ৬ আগস্ট।
আরেক নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সিঙ্গাপুরে অবস্থান করবেন ২৯ জুলাই থেকে ৪ আগস্ট। তিনি ফিরবেন ৫ আগস্ট। এই সফরগুলোর সব ব্যয় বহন করা হবে ইসির স্মার্টাকার্ড প্রকল্প বা আইডিইএ-২ প্রকল্প থেকে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই, সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা, যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম, ইতালির রোম ও মিলান, কুয়েতের কুয়েত সিটি, কাতারের দোহা, মালয়েশিয়ার কুয়ালালামপুর, অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি, কানাডার অটোয়া ও টরন্টো, জাপানের টোকিও, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, মিয়ামি, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেস, মালদ্বীপের মালে, ওমানের মাসকাট, এবং দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াসহ মোট ১৪টি দেশের ২৪টি স্টেশনে ভোটার কার্যক্রম ও এনআইডি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
এসব দেশ থেকে এক লাখের বেশি আবেদন এসেছে। যাদের মধ্যে ৩০ হাজারের মতো এনআইডি পেয়েছেন।
উল্লেখ্য, সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে এনআইডি আবেদন নিয়ে দেশে যাচাই করে এনআইডি প্রিন্ট করে ইসি। এরপর তা দূতাবাসের মাধ্যমে আবার সংশ্লিষ্টদের এনআইডি সরবরাহ করে থাকে।
সময়ের আলো/প্রিন্ট/জেডি