প্রশ্ন : আমাদের মহল্লার মসজিদটি তিন তলাবিশিষ্ট। জুমার দিন পুরো মসজিদ ভরে যায়। খুতবার সময় তৃতীয় তলায় অনেকেই জায়গা না পেয়ে পেছনে দাঁড়িয়ে থাকে। ইকামতের সময় সবাই দাঁড়ালে কাতারের মাঝে জায়গা খালি হয়। তখন অনেকেই কাতারে দাঁড়াতে পারে। কখনো কখনো নামাজ শুরু হয়ে যাওয়ার পরও কোথাও খালি জায়গা দেখা যায়। তখন পেছন থেকে দুয়েকজন নামাজিদের সামনে দিয়ে সেখানে গিয়ে দাঁড়ায়। আমার প্রশ্ন হচ্ছে, এ ক্ষেত্রে নামাজিদের সামনে দিয়ে অতিক্রম করা কি জায়েজ আছে?
তাহমিদুর রহমান শেরপুর
উত্তর : প্রশ্নোক্ত ক্ষেত্রে মুসল্লিরা নামাজে দাঁড়িয়ে গেলেও খালি স্থানের জায়গা পূর্ণ করার জন্য তাদের সামনে দিয়ে যাওয়া যাবে। কারণ কাতার পূূর্ণ করার বিধান পালনের জন্য মুসল্লিদের সামনে দিয়েও যাওয়া জায়েজ আছে। প্রকাশ থাকে যে, নামাজ শুরু করার আগেই ডানে-বাঁয়ে লক্ষ করে মিলে মিলে দাঁড়াতে হয়।
জাবির ইবনে সামুরা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা কি এভাবে কাতারবন্দি হয়ে দাঁড়াবে না, যেভাবে ফেরেশতাগণ তাঁদের রবের সামনে কাতারবন্দি হয়ে দাঁড়ায়? আমরা বললাম, ফেরেশতাগণ তাঁদের রবের সামনে কীভাবে কাতারবন্দি হয়ে দাঁড়ায়? রাসুল (সা.) বললেন, তাঁরা সামনের কাতারগুলো আগে পূর্ণ করে এবং গায়ে গায়ে লেগে দাঁড়ায়।’ (মুসলিম : ৪৩০; হালবাতুল মুজাল্লি : ২/৩১২; রদ্দুল মুহতার : ১/৬৩৬)
সময়ের আলো/আআ