জুলাই স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা ও পরিচালনা ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে সাবেক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিক্রিয়া ও সমালোচনার জবাব দিয়েছেন ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবীর।
শুক্রবার (১৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ কথা বলেন।
ফারুকীর উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে নূরুল কবীর লিখেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট থেকে তিনি ফারুকীর অসুস্থতার খবর জানতে পেরেছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করছেন। তবে জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে তার প্রকাশ্য সমালোচনায় ফারুকীর ‘ক্ষুব্ধ’ প্রতিক্রিয়া তার নজরে এসেছে।
নূরুল কবীর জানান, একটি টেলিভিশন চ্যানেলের অনুসন্ধানমূলক প্রতিবেদনের ওপর ভিত্তি করেই তিনি টকশোতে ওই মন্তব্য করেছিলেন। ওই প্রতিবেদনে অসঙ্গতিপূর্ণ বিল ও ভাউচার দেখানোর পাশাপাশি সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী ও ব্যবসায়ীদের সাক্ষাৎকারে আর্থিক অনিয়মের চিত্র ফুটে উঠেছিল।
তিনি বলেন, একটি স্বৈরাচারী ও খুনি সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতে এবং আমাদের গণতান্ত্রিক যুবকদের জীবনের বিনিময়ে গড়ে ওঠা জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিট বা চেতনাকে ক্ষুণ্ণ না করে এই জাদুঘর নিয়ে কোনো ধরনের আর্থিক দুর্নীতি মেনে নেওয়া যায় না। দেশের কোনো সচেতন নাগরিকই জুলাই জাদুঘর প্রতিষ্ঠা ও পরিচালনা নিয়ে এই ধরনের জনশ্রুতি ও অনিয়মের অভিযোগ মেনে নেবেন না।
ফারুকীর দুটি প্রশ্নের জবাব দিয়ে নূরুল কবীর লিখেছেন, যদি জাদুঘর নির্মাণে কোনো ধরনের আর্থিক অনিয়ম বা স্বজনপ্রীতির অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হয়, তবে তিনি জনসমক্ষে দুঃখ প্রকাশ করবেন। তবে সেটি নিশ্চিত করতে ফারুকী ও তার নিজেকেও সরকারের পক্ষ থেকে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি করা উচিত।
ফারুকীর দ্বিতীয় প্রশ্নটিকে ‘হাস্যকর’ অ্যাখ্যা দিয়ে নূরুল কবীর মনে করিয়ে দেন, যখন দেশের বহু মানুষ স্বৈরাচারী আওয়ামী লীগের নিপীড়নের শিকার হচ্ছিলেন এবং এর বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তখন ফারুকী ও তার সহযোগীরা সেই সরকারের প্রভাবশালী মহলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছিলেন।
নূরুল কবীর স্পষ্ট করে বলেন, জুলাই স্মৃতি জাদুঘর দ্রুত চালুর ব্যাপারে তার বা তার সম্পাদিত পত্রিকা ‘নিউ এজ’-এর কোনো আপত্তি নেই, বরং এর গুরুত্ব অপরিসীম। তবে জুলাই অভ্যুত্থানকে মহান মুক্তিযুদ্ধের সঙ্গে গুলিয়ে ফেলা বা রাজনৈতিক উদ্দেশ্যে মুক্তিযুদ্ধকে খাটো করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে তিনি সোচ্চার থাকবেন।
সময়ের আলো/কহু