বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়েছে আগেই। তবে টুর্নামেন্টটি জয় দিয়ে শেষ করার সুযোগ এখনও রয়েছে ইংল্যান্ড ও ফ্রান্সের সামনে। রোববার (স্থানীয় সময়) মিয়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি।
সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে শেষ মুহূর্তে হেরে বিদায় নেয় ইংল্যান্ড। অন্যদিকে স্পেনের কাছে ২-০ গোলে পরাজিত হয়ে ফাইনালের স্বপ্ন ভেঙে যায় ফ্রান্সের। ফলে এখন ব্রোঞ্জ পদকই দুই দলের শেষ লক্ষ্য।
এই ম্যাচে ইংল্যান্ডের প্রধান কোচ টমাস টুখেল একাদশে বড় ধরনের পরিবর্তন এনেছেন। টানা ম্যাচের ধকল বিবেচনায় নিয়মিত কয়েকজন ফুটবলারকে বিশ্রাম দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বেঞ্চের খেলোয়াড়দের।
গোলবারের নিচে জর্ডান পিকফোর্ডের জায়গায় খেলছেন ডিন হেন্ডারসন। রক্ষণভাগে আছেন এজরি কনসা, জ্যারেল কোয়ানসাহ, মার্ক গেহি ও জেড স্পেন্স। মাঝমাঠে দায়িত্ব সামলাবেন ডেকলান রাইস, মরগ্যান রজার্স ও এবেরেচি এজে। আক্রমণে থাকছেন বুকায়ো সাকা, মার্কাস রাশফোর্ড ও আইভান টনি।
সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে চোট পাওয়ায় দলে নেই রিস জেমস। এছাড়া হ্যারি কেন, জুদ বেলিংহ্যাম ও জন স্টোনসদের বিশ্রাম দেওয়া হয়েছে।
বিশেষ করে গোল্ডেন বুটের দৌড়ে ছয় গোল করে থাকা কেন ও বেলিংহ্যামকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত আলোচনার জন্ম দিয়েছে। বর্তমানে আট গোল করে যৌথভাবে শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপে।
অন্যদিকে ফ্রান্সও পরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে। গোলবারের দায়িত্বে রয়েছেন মাইক মেনিয়াঁ। রক্ষণে মালো গুস্তো, ইব্রাহিমা কোনাতে, ম্যাকসেন্স লাক্রোয়া ও থিও হার্নান্দেজ। মাঝমাঠে খেলবেন ওয়ারেন জাইরে-এমেরি ও আদ্রিয়েন রাবিও। আক্রমণে রয়েছেন মাইকেল অলিসে, রায়ান চেরকি, দেজিরে দুয়ে এবং অধিনায়ক কিলিয়ান এমবাপে।
গোল্ডেন বুটের দৌড়েও থাকছে বাড়তি আকর্ষণ। টুর্নামেন্টে এখন পর্যন্ত আট গোল করা এমবাপে এই ম্যাচে গোল করতে পারলে মেসিকে ছাড়িয়ে এককভাবে সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে যাওয়ার সুযোগ পাবেন।
এদিকে ইংল্যান্ডের মিডফিল্ডার ডেকলান রাইস পুরো বিশ্বকাপজুড়ে অসুস্থতা, কাফের চোট, হ্যামস্ট্রিং এবং পিঠের স্নায়ুর সমস্যার মধ্যেও খেলেছেন। শারীরিক অস্বস্তি থাকলেও ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে তার ওপর আস্থা রেখেছেন টুখেল।
ফ্রান্সের কোচও তরুণদের ওপর ভরসা রেখে শেষ ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করতে চান। অলিসে, চেরকি ও দুয়ের গতিময় আক্রমণের সঙ্গে এমবাপের অভিজ্ঞতার সমন্বয়ে ব্রোঞ্জ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে লে ব্লু।
দুই দলের একাদশ
ইংল্যান্ড : ডিন হেন্ডারসন; এজরি কনসা, জ্যারেল কোয়ানসাহ, মার্ক গেহি, জেড স্পেন্স; ডেকলান রাইস, মরগ্যান রজার্স, এবেরেচি এজে; বুকায়ো সাকা, মার্কাস রাশফোর্ড, আইভান টনি।
ফ্রান্স : মাইক মেনিয়াঁ; মালো গুস্তো, ইব্রাহিমা কোনাতে, ম্যাকসেন্স লাক্রোয়া, থিও হার্নান্দেজ; ওয়ারেন জাইরে-এমেরি, আদ্রিয়েন রাবিও; মাইকেল অলিসে, রায়ান চেরকি, দেজিরে দুয়ে; কিলিয়ান এমবাপে।
সময়ের আলো/এসএকে