গুরু-শিষ্যের লড়াই

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপ ফাইনাল মানেই সেরাদের মঞ্চ। যেখানে মুখোমুখি হয় দুই দলের সেরা ফুটবলার, দুই দেশের স্বপ্ন, দুই কোচের কৌশল। তবে ২০২৬

2026-07-19T02:46:17+00:00
2026-07-19T02:46:17+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
গুরু-শিষ্যের লড়াই
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ২:৪৬ এএম 
সংবাদ সম্মেলনে গুরু স্পেন কোচ লা ফুয়েন্তের সঙ্গে শিষ্য আর্জেন্টাইন কোচ স্কালোনি। ছবি : সংগৃহীত
বিশ্বকাপ ফাইনাল মানেই সেরাদের মঞ্চ। যেখানে মুখোমুখি হয় দুই দলের সেরা ফুটবলার, দুই দেশের স্বপ্ন, দুই কোচের কৌশল। তবে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার লড়াইকে অন্য মাত্রা দিয়েছে একটি বিশেষ সম্পর্ক। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে ডাগআউটের দুই প্রান্তে দাঁড়াবেন এমন দুই কোচ, যাদের পরিচয় একজন আরেকজনের গুরু-শিষ্য।
 
বর্তমান বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার স্কালোনি অন্যতম সফল কোচ। কিন্তু তার কোচিং ক্যারিয়ারের শুরুর পথে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল স্পেনের দে লা ফুয়েন্তের। ২০১৭ সালে হোর্হে সাম্পাওলির কোচিং স্টাফের সদস্য হিসেবে আর্জেন্টিনা জাতীয় দলে কাজ করার সময় উয়েফা প্রো লাইসেন্স অর্জনের জন্য কোচিং কোর্সে অংশ নেন স্কালোনি। সেই কোর্সেই তার শিক্ষক ছিলেন দে লা ফুয়েন্তে।

সে সময় স্পেনের বয়সভিত্তিক দলগুলোর দায়িত্ব পালনের পাশাপাশি রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কোচিং স্কুলে কৌশল ও খেলার দর্শন পড়াতেন দে লা ফুয়েন্তে। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে সেই সময়ের স্মৃতিচারণা করে স্কালোনি বলেন, তার সম্পর্কে আমার দারুণ স্মৃতি রয়েছে। তিনি এমন একজন কোচ ছিলেন, যার সঙ্গে আমি সবচেয়ে বেশি কথা বলতাম। আমি সবসময় প্রশ্ন করতাম, আর তিনি কখনোই বিরক্ত হতেন না। আমার কাছে তিনি সবসময়ই একজন অসাধারণ মানুষ।

কোচিং কোর্সের সম্পর্ক পরবর্তীতেও অটুট ছিল। স্কালোনি জানিয়েছেন, ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর একটি কোচিং ফোরামে দে লা ফুয়েন্তের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছিল তার। সেখানে কিছু কৌশলগত বিষয় নিয়ে মতবিনিময় করেছিলেন দুজন। স্কালোনির ভাষায়, কাতারে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর একটি কোচেস ফোরামের শেষে আমাদের দারুণ আলোচনা হয়েছিল। আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলেছিলাম, যা আমার মনে হয় তার কাজে লেগেছে। অহংকার করে বলছি না, তবে তিনি সেগুলো তার জাতীয় দলে দারুণভাবে বাস্তবায়ন করেছেন। অন্যদিকে সাবেক ছাত্রের প্রশংসায় কার্পণ্য করেননি দে লা ফুয়েন্তেও। তার ভাষায়, লিওনেল খুব পরিশ্রমী ছাত্র ছিল। তার শেখার আগ্রহ এবং মনোভাব ছিল অসাধারণ। তখনই বোঝা গিয়েছিল, সে অনেক দূর যাবে। তার শিক্ষক হতে পারাটা আমার জন্য গর্বের।

দুই কোচের ক্যারিয়ারেও রয়েছে চমকপ্রদ মিল। দে লা ফুয়েন্তে দীর্ঘদিন স্পেনের অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২১ ও অলিম্পিক দলকে সাফল্য এনে দেওয়ার পর ২০২২ সালে সিনিয়র দলের দায়িত্ব পান। তার অধীনে ২০২৪ সালে জার্মানিতে অনুষ্ঠিত ইউরো চ্যাম্পিয়ন হয় স্পেন। অন্যদিকে স্কালোনিও খুব বেশি অভিজ্ঞতা ছাড়াই প্রথমে অন্তরবর্তীকালীন হিসেবে পরে আর্জেন্টিনার স্থায়ী কোচ হিসেবে দায়িত্ব নেন। তার হাত ধরেই আর্জেন্টিনা দীর্ঘ ২৮ বছরের শিরোপা খরা কাটিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে ২০২১ সালে কোপা আমেরিকা জেতে। 


পরে ২০২৪ সালের কোপাও জেতান তিনি। ২০২২ সালে ফিনালাসিমায় ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে চ্যাম্পিয়ন। তার কোচিং ক্যারিয়ারে সবচেয়ে বড় সাফল্য আসে ২০২২ সালে কাতার বিশ্বকাপে। নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হার দিয়ে শুরু। তবে শেষ পর্যন্ত সেই আসরের ফাইনালে ফ্রান্সের সঙ্গে টাইব্রেকারে জিতে ৩৬ বছর পর আবারও বিশ্বকাপের সোনালি ট্রফি উঁচিয়ে ধরে আর্জেন্টিনা। ২০২২ সালে ফিফার বর্ষসেরা কোচ নির্বাচিত হন স্কালোনি। 

তবে কোচিং দর্শনে মিল থাকলেও দুই দলের ফুটবলীয় পরিচয় আলাদা। দে লা ফুয়েন্তের স্পেন বল দখল, পজিশনাল ফুটবল ও নিয়ন্ত্রিত আক্রমণে বিশ্বাসী। অন্যদিকে স্কালোনি স্প্যানিশ কৌশলকে আর্জেন্টাইন লড়াকু মানসিকতার সঙ্গে মিলিয়ে গড়ে তুলেছেন ভারসাম্যপূর্ণ এক দল, যারা প্রয়োজন অনুযায়ী নিজেদের কৌশল বদলাতে পারে। এবার সেই শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের নতুন অধ্যায় লেখা হবে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   গুরু-শিষ্য  লড়াই  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: