নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মো. উজির আলীকে (৩৪) ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়েরই অফিস সহকারী রাকিব হোসেন অন্তরের বিরুদ্ধে।
রোববার (১৯ জুলাই) দুপুর ১টার দিকে শহরের আলাদাতপুর এলাকায় অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রধান শিক্ষক মো. উজির আলী লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের বাসিন্দা।
বিদ্যালয় সূত্র ও পুলিশ জানায়, আজ দুপুরে কয়েকজন অভিভাবক তাদের সন্তানদের বেতন পরিশোধের জন্য স্কুলে যান। এ সময় অফিস সহকারী রাকিব হোসেন বেতন জমা না নিয়ে, উল্টো অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। বিষয়টি জানতে পেরে প্রধান শিক্ষক উজির আলী অফিস কক্ষে গিয়ে রাকিবের কাছে এর কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন রাকিব। একপর্যায়ে প্রধান শিক্ষক তার কক্ষ থেকে বের হতে গেলে, রাকিব আচমকা তাকে ছুরি নিয়ে আক্রমণ করেন এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।
প্রধান শিক্ষকের চিৎকার শুনে সহকর্মীরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। ঘটনার পরপরই অভিযুক্ত অফিস সহকারী রাকিব হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী জানান, উজির আলীর হাত, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, ‘ঘটনাটি জানার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা হাসপাতালে গিয়ে ভুক্তভোগী প্রধান শিক্ষকের খোঁজখবর নিয়েছি। এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে, অভিযুক্ত রাকিব হোসেনকে আটক করতে পুলিশের অভিযান চলছে।’
সময়ের আলো/মহু