স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা দ্রুত শুরু এবং নতুন রুটিন প্রকাশের দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছেন বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা।
রোববার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ ও ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের অনেক পরীক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গিয়ে এ স্মারকলিপি জমা দেন।
পরীক্ষার্থীরা জানায়, আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষা শুরু হোক। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর জন্য অন্তত দুই থেকে তিন দিন বিরতি রেখে নতুন রুটিন প্রকাশ করা যেতে পারে। দীর্ঘদিনের অনিশ্চয়তার কারণে তারা মানসিক চাপের মধ্যে পড়েছেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এরপর প্রবল বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড পরের পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে।
অন্যদিকে, দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত রুটিন অনুযায়ী পরীক্ষা চলমান আছে। এতে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার্থীরা পিছিয়ে পড়ার আশঙ্কা করছেন। এ পরিস্থিতিতে দ্রুত পরীক্ষা শুরু এবং স্থগিত হওয়া পরীক্ষাগুলোর জন্য যৌক্তিক বিরতি দিয়ে নতুন রুটিন প্রকাশ করতে হবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ‘চেয়ারম্যান পরীক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করেছেন। বিষয়টি আগামীকাল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ’
সময়ের আলো/মহু