একটি সরকারের প্রথম কয়েক মাস সাধারণত দিকনির্দেশনা নির্ধারণের সময়। এই সময়ে নেওয়া সিদ্ধান্ত, গৃহীত নীতি এবং অগ্রাধিকারের ভিত্তিতেই জনগণ সরকারের ভবিষ্যৎ কর্মপদ্ধতি সম্পর্কে ধারণা পেতে শুরু করে। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর বর্তমান সরকার প্রায় পাঁচ মাস বা ১৫০ দিনের পথ অতিক্রম করেছে। এই সময়কে চূড়ান্ত মূল্যায়নের সময় বলা না গেলেও সরকারের সাফল্য, সম্ভাবনা এবং সামনেথাকা চ্যালেঞ্জগুলো বিশ্লেষণের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পর্যায়।
নতুন সরকারের সামনে একদিকে রয়েছে জনগণের প্রত্যাশা পূরণের বড় দায়িত্ব, অন্যদিকে রয়েছে অর্থনৈতিক সংকট মোকাবিলা, কর্মসংস্থান সৃষ্টির চ্যালেঞ্জ। স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার কঠিন পরীক্ষাও দিতে হবে সরকারকে।
বাংলাদেশের অর্থনীতি গত কয়েক বছরে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে। মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার চাপ, বিনিয়োগে ধীরগতি, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে। বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হলো অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। সাধারণ মানুষের কাছে অর্থনীতির সবচেয়ে বড় বাস্তব সূচক হলো নিত্যপণ্যের বাজার। তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানো সরকারের জন্য গুরুত্বপূর্ণ বিষয়।
রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা এবং রফতানি খাতকে শক্তিশালী করার মাধ্যৃমে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার সুযোগ রয়েছে। তবে সাময়িক সাফল্যের পাশাপাশি দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ভিত্তি তৈরি করতে কার্যকর সংস্কার ও সুশাসন নিশ্চিত করতে হবে।
একটি দেশের উন্নয়নের মূল ভিত্তি হলো বিনিয়োগ ও কর্মসংস্থান। বাংলাদেশে প্রতি বছর বিপুলসংখ্যক তরুণ কর্মজীবনে প্রবেশ করেন। তাদের জন্য পর্যাপ্ত ও মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি করা বর্তমান সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। বিদেশি বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি দেশীয় উদ্যোক্তাদের জন্য সহজ ব্যবসায়িক পরিবেশ তৈরি করতে হবে।
প্রশাসনিক জটিলতা কমানো, নীতির ধারাবাহিকতা বজায় রাখা এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করা জরুরি। বিশেষ করে তরুণদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সুযোগ বৃদ্ধি করতে পারলে দেশের অর্থনীতিতে নতুন গতি সৃষ্টি হতে পারে।
দেশের আর্থিক খাত দীর্ঘদিন ধরে নানা সমস্যার মুখোমুখি। খেলাপি ঋণ, দুর্বল ব্যবস্থাপনা এবং আর্থিক অনিয়ম ব্যাংকিং ব্যবস্থার ওপর মানুষের আস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে। বর্তমান সরকারের জন্য ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা একটি বড় পরীক্ষা। শুধু নীতি ঘোষণা নয়, বাস্তব প্রয়োগের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। একটি শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা ছাড়া শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান টেকসই হবে না। তাই আর্থিক খাত সংস্কারে সাহসী ও দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত প্রয়োজন।
অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য খাতের উন্নয়ন একটি দেশের প্রকৃত অগ্রগতির অন্যতম গুরুত্বপূর্ণ মানদণ্ড। একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই বর্তমান সরকারের জন্য স্বাস্থ্য খাতকে আধুনিক, জনবান্ধব ও কার্যকর ব্যবস্থায় রূপান্তর করা একটি বড় দায়িত্ব।
বাংলাদেশের স্বাস্থ্য খাতে গত কয়েক বছরে অবকাঠামোগত উন্নয়ন হলেও এখনও চিকিৎসাসেবার মান, ব্যবস্থাপনা, জনবল সংকট এবং শহর-গ্রামের বৈষম্যসহ নানা চ্যালেঞ্জ রয়েছে। এসব সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, গবেষণাভিত্তিক সিদ্ধান্ত এবং সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসক, নার্স, দক্ষ স্বাস্থ্যকর্মী, আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে। সরকারি হাসপাতালগুলোতে রোগীদের সেবার মান বৃদ্ধি এবং ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো জরুরি।
উন্নত চিকিৎসাসেবা যেন শুধু বড় শহর বা বিশেষায়িত হাসপাতালকেন্দ্রিক না থাকে, সে জন্য প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্য অবকাঠামো শক্তিশালী করতে হবে। উপজেলা পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং টেলিমেডিসিন ব্যবস্থার উন্নয়ন গ্রামীণ জনগণের চিকিৎসা সুবিধা বাড়াতে পারে।
চিকিৎসা ব্যয় নিয়ন্ত্রণ ও সহজলভ্য সেবা : সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধের সহজলভ্যতা এবং স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি কার্যকর করা প্রয়োজন। চিকিৎসা ব্যয়ের কারণে যাতে কোনো পরিবার আর্থিক সংকটে না পড়ে সে বিষয়ে বিশেষ নজর দিতে হবে।
স্বাস্থ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি : সরকারি হাসপাতালের সেবা ব্যবস্থাপনা, ওষুধ সরবরাহ, জনবল ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য খাতে অর্থ ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। অনিয়ম ও দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর নজরদারি ব্যবস্থা গড়ে তোলা জরুরি।
দেশের স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর করতে অ্যালোপ্যাথিক চিকিৎসার পাশাপাশি হোমিওপ্যাথিক, ইউনানি ও আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির সম্ভাবনা ও ভূমিকা নিয়েও বৈজ্ঞানিক বিশ্লেষণ প্রয়োজন। এসব চিকিৎসা পদ্ধতির মানোন্নয়ন, গবেষণা এবং জনস্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে সমন্বয়ের জন্য বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব দিতে হবে। এ লক্ষ্যে অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, ইউনানি ও আয়ুর্বেদ চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক, স্বাস্থ্য প্রশাসক এবং সংশ্লিষ্ট খাতের অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে একটি জাতীয় স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণা পরামর্শক বোর্ড গঠন করা যেতে পারে। এই বোর্ড দেশের স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে গবেষণাভিত্তিক সুপারিশ, নীতিমালা প্রণয়ন এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্য পরিকল্পনায় সরকারকে সহায়তা করতে পারে।
রোগ হওয়ার পর চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধে গুরুত্ব বাড়াতে হবে। পুষ্টি, মাতৃ ও শিশুসেবা, টিকাদান, স্বাস্থ্য সচেতনতা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার প্রসার ঘটাতে হবে। স্বাস্থ্য খাতে সফলতার জন্য প্রয়োজন শুধু নতুন হাসপাতাল নির্মাণ নয়; প্রয়োজন দক্ষ ব্যবস্থাপনা, গবেষণাভিত্তিক পরিকল্পনা, চিকিৎসা পদ্ধতির সমন্বয় এবং জনগণের আস্থা অর্জন। একটি শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা দেশের মানবসম্পদ উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষা হলো একটি দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের মূল চালিকাশক্তি। দক্ষ ও শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া আধুনিক অর্থনীতি গড়ে তোলা সম্ভব নয়।
শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি নয়, শিক্ষার প্রকৃত মান উন্নয়ন করতে হবে। কারিগরি শিক্ষা, প্রযুক্তি প্রশিক্ষণ এবং শিল্পের চাহিদাভিত্তিক দক্ষতা তৈরিতে গুরুত্ব দিতে হবে। শহর ও গ্রামের শিক্ষার্থীদের মধ্যে সুযোগের ব্যবধান কমাতে হবে। আধুনিক শিক্ষা পদ্ধতির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের দক্ষতা বাড়ানো প্রয়োজন। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। দক্ষ তরুণ প্রজন্মই দেশের অর্থনীতির ভবিষ্যৎ শক্তি। তাই শিক্ষা খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া উন্নয়নের লক্ষ্য অর্জন কঠিন।
সরকারের প্রকৃত সাফল্য নির্ধারিত হবে সাধারণ মানুষের জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আসে তার ওপর। বাজারে স্বস্তি, কর্মসংস্থানের সুযোগ, উন্নত স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা এবং নিরাপদ জীবন- এসব বিষয়ই জনগণের প্রধান প্রত্যাশা। কৃষক, নারী, প্রবাসী ও তরুণদের জন্য কার্যকর উদ্যোগ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন জনগণের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তবে এসব কর্মসূচির সফলতা নির্ভর করবে স্বচ্ছতা, জবাবদিহি ও বাস্তবায়নের মানের ওপর।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা বর্তমান সরকারের অন্যতম বড় দায়িত্ব। বিচার ব্যবস্থা, প্রশাসন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে দীর্ঘমেয়াদি সংস্কার প্রয়োজন। সংস্কার কোনো স্বল্পমেয়াদি কাজ নয়। তবে জনগণ দেখতে চায় সরকার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথে এগোচ্ছে কি না। দুর্নীতি নিয়ন্ত্রণ, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং সরকারি সেবার মান উন্নয়ন করতে পারলে জনগণের আস্থা আরও শক্তিশালী হবে।
বর্তমান বিশ্ব অর্থনীতি নানা অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। জ্বালানি মূল্য, আন্তর্জাতিক বাজারের পরিবর্তন এবং বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতির প্রভাব বাংলাদেশের ওপরও পড়ছে। এই পরিস্থিতিতে সরকারের অর্থনৈতিক পরিকল্পনা হতে হবে বাস্তবভিত্তিক ও দীর্ঘমেয়াদি। রফতানি বহুমুখীকরণ, নতুন বাজার সৃষ্টি, প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে।
বর্তমান সরকারের প্রথম ১৫০ দিনকে চূড়ান্ত সাফল্য বা ব্যর্থতার মাপকাঠি বলা যাবে না। এটি মূলত ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের সূচনাকাল। তবে এই সময়ের সিদ্ধান্তগুলো আগামী দিনের পথ নির্ধারণ করবে। জনগণ এখন শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব পরিবর্তন দেখতে চায়। তারা চায় বাজারে স্বস্তি, কর্মসংস্থানের সুযোগ, দুর্নীতিমুক্ত প্রশাসন, উন্নত স্বাস্থ্যসেবা এবং মানসম্মত শিক্ষা।
ইতিহাসে কোনো সরকারের মূল্যায়ন শুধু ঘোষণায় হয় না; হয় মানুষের জীবনে তার বাস্তব প্রভাবের মাধ্যমে। আগামী দিনগুলোই নির্ধারণ করবে বর্তমান সরকার উন্নয়নের প্রতিশ্রুতিকে কতটা বাস্তব সাফল্যে রূপ দিতে পারে।
লেখক ও রাজনৈতিক বিশ্লেষক
মতামত লেখকের নিজস্ব
সময়ের আলো/আআ