চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক একাধিক অভিযানে ৬৩ হাজার ৬৮ পিস ইয়াবাসহ ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রেববার (১৯ জুলাই) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনের চেকপোস্টসহ বিভিন্ন স্থানে এসব অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে লোহাগাড়া থানা-পুলিশের একটি দল নিয়মিত চেকপোস্ট পরিচালনাকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি টয়োটা জিপ গাড়ি (ঢাকা মেট্রো-ঘ ১৬-৫৬৭৮) থামায়। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে ইঞ্জিনের বাম পাশে বিশেষ কৌশলে লুকানো ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা মো. আল মামুন (৪০), মোহাম্মদ আলী (৩০) ও ইসমাত জেরিনকে (৩৮) গ্রেফতার করা হয়।
একই রাতে আনুমানিক ২টার দিকে চুনতি এলাকায় হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে যাত্রী মো. মিজানুর রহমানের (২৯) কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
এর আগে, একই দিন বিকেলে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের লোহাগাড়া মা ও শিশু হাসপাতালের পাবলিক টয়লেটের সামনে থেকে মো. সিদ্দিক (৪৮) নামে অপর এক হানিফ পরিবহনের বাসের যাত্রীকে ৭৬৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।
অন্যদিকে, সন্ধ্যা ৬টার দিকে চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি ইয়ামাহা মোটরসাইকেলের গিয়ার বক্সে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ ইলিয়াছ হাবিব (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ জানান, পৃথক অভিযানে মোট ৬৩ হাজার ৬৮ পিস ইয়াবাসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং সোমবার বিকেলে চট্টগ্রাম আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
সময়ের আলো/জোই