সিকিমের টানেলে ভূমিধসের পর গ্যাস লিকেজ, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সিকিমে একটি টানেল নির্মাণস্থলে ভূমিধসের পর গ্যাস লিকেজের ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

2026-07-21T09:23:09+00:00
2026-07-21T11:23:11+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
সিকিমের টানেলে ভূমিধসের পর গ্যাস লিকেজ, নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৯:২৩ এএম  আপডেট: ২১.০৭.২০২৬ ১১:২৩ এএম
টানেলের ভেতরে ভূমিধসের কারণে চলাচলের পথ বন্ধ হয়ে যায় এবং বেশ কয়েকজন শ্রমিক সেখানে আটকা পড়েন। ছবি : এনডিটিভি
সিকিমে একটি টানেল নির্মাণস্থলে ভূমিধসের পর গ্যাস লিকেজের ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে এখনও ১৮ জনেরও বেশি শ্রমিক টানেলের ভেতরে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী (এনডিআরএফ) উদ্ধার ও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। 

এনডিটিভি জানিয়েছে, সোমবার (২০ জুলাই) বিকেল ৩টা ৯ মিনিটে দক্ষিণ সিকিমের সামারদুং টানেলে এই দুর্ঘটনা ঘটে। টানেলটি তিস্তা স্টেজ-৬ জলবিদ্যুৎ প্রকল্পের একটি অংশ, যার নির্মাণকাজ করছে প্যাটেল ইঞ্জিনিয়ারিং।  

মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এখনও ১৮ জনেরও বেশি ব্যক্তি টানেলের ভেতরে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে, যদিও সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি। 

প্রাথমিক তথ্য অনুযায়ী, টানেলের ভেতরে ভূমিধসের ফলে পথ বন্ধ হয়ে যায় এবং বহু শ্রমিক আটকা পড়েন। পরে সেখানে মিথেন গ্যাস লিকেজের আশঙ্কা দেখা দেওয়ায় উদ্ধারকর্মীদের জন্য পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

এনডিআরএফের পাশাপাশি রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী (এসডিআরএফ), সিকিম পুলিশ এবং দমকল ও জরুরি পরিষেবা ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। উদ্ধারকাজ নির্বিঘ্ন করতে ওই এলাকায় যান চলাচলও নিয়ন্ত্রণ করা হয়েছে।  

নামচি জেলার জেলা শাসক অনুপা তামলিং জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সিলিগুড়ি ও পাকিয়ং থেকে উদ্ধারকারী দল এবং এসডিআরএফকে সতর্ক করা হয়।

তিনি বলেন, দুর্ঘটনাটি বিকেল ৩টা ৯ মিনিটে ঘটে। দমকল ও পুলিশ সদস্যরা কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়াই দু'বার টানেলে প্রবেশের চেষ্টা করেছিলেন, কিন্তু ভেতরের বিপজ্জনক পরিবেশের কারণে ফিরে আসতে বাধ্য হন। 


তামলিং আরও জানান, প্রথম এনডিআরএফ দল টানেলে প্রবেশ করে প্রথমে সেই দমকলকর্মীদের নিরাপদে বের করে আনে, যারা আগে উদ্ধারচেষ্টা করেছিলেন। পরে দ্বিতীয় এনডিআরএফ দল আবার টানেলে প্রবেশ করে এবং উদ্ধার অভিযান এখনও চলছে।

কর্মকর্তারা জানিয়েছেন, টানেলের ভেতরে মিথেন গ্যাসের মাত্রা এতটাই বেশি যে উদ্ধারকারীরা এখনও সেই স্থানে পৌঁছাতে পারেননি, যেখানে আটকে পড়া শ্রমিকরা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ভূমিধসের সঠিক কারণও এখনও জানা যায়নি।

তামলিং বলেন, এখনও আমরা বুঝতে পারছি না ভূমিধসের কারণ কী। যারা বেরিয়ে আসতে পেরেছেন, তারা জানিয়েছেন যে টানেলের ভেতর থেকে একটি বড় বিস্ফোরণের মতো শব্দ শুনে তারা দ্রুত বাইরে চলে আসেন। কিন্তু এখনও বেশ কয়েকজন শ্রমিক ভেতরে আটকা পড়ে আছেন। 

তিনি আরও সতর্ক করে বলেন, আটকে পড়া ব্যক্তিদের সংখ্যা এখনও প্রাথমিক অনুমান, যা পরে পরিবর্তিত হতে পারে।

জেলা প্রশাসনের প্রধান লক্ষ্য হলো টানেলের ভেতরে আটকে থাকা সবাইকে নিরাপদে উদ্ধার করা।

সূত্র জানায়, প্রাথমিক উদ্ধারকারী দলের কয়েকজন সদস্য মিথেন গ্যাসের সংস্পর্শে এসে মাথা ঘোরা ও শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন। পরে তাদের নিরাপদে বাইরে এনে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। 


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   সিকিম  টানেল  ভূমিধস  গ্যাস  লিক  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: