মার্কিন ধনকুবের জেফ বেজোসের মালিকানাধীন মহাকাশ প্রযুক্তি ও পর্যটন সংস্থা ব্লু অরিজিনের রকেট পরীক্ষায় বিস্ফোরণের ঘটনা ঘটলেও চাঁদে মানুষ ফেরানোর পরিকল্পনা থেকে সরে আসছে না নাসা।
সংস্থাটি জানিয়েছে, আর্টেমিস-৩ মিশনের প্রস্তুতি নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগিয়ে চলছে।
সোমবার (২০ জুলাই) নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান জানান, ২০২৭ সালে নির্ধারিত আর্টেমিস-৩ মিশনের প্রস্তুতিতে কোনো পরিবর্তন আসেনি।
তিনি বলেন, এই মিশনে চার জন নভোচারী ওরিয়ন মহাকাশযানে করে নিম্ন পৃথিবীর কক্ষপথে গিয়ে স্পেসএক্সের স্টারশিপ এবং ব্লু অরিজিনের ব্লু মুন লুনার ল্যান্ডারের সঙ্গে ডকিং ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রযুক্তি পরীক্ষা করবেন।
ভবিষ্যতে চাঁদে মানুষ পাঠানোর আগে এটি একটি গুরুত্বপূর্ণ মহড়া হবে বলেও জানান তিনি।
নির্ধারিত সময়ের মধ্যেই ব্লু অরিজিন আবারও উৎক্ষেপণে ফিরতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, নিউ গ্লেনের উৎক্ষেপণে বিলম্ব হলেও নাসার বিকল্প পরিকল্পনা প্রস্তুত আছে।
নাসা আরেক মার্কিন ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের পরবর্তী স্টারশিপের পরীক্ষামূলক উৎক্ষেপণের দিকেও নজর রাখছে জানিয়ে আইজ্যাকম্যান বলেন, স্পেসএক্সের আর্থিক সক্ষমতা বৃদ্ধি ভবিষ্যতে নাসার মহাকাশ কর্মসূচিকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।
উল্লেখ্য, মে মাসে ফ্লোরিডায় ব্লু অরিজিনের একমাত্র উৎক্ষেপণ প্যাডে নিউ গ্লেন রকেটের হট-ফায়ার পরীক্ষার সময় বিস্ফোরণ ঘটে। চলতি বছরের শেষ নাগাদ মেরামত শেষ করে আবারও উৎক্ষেপণ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র: রয়টার্স
সময়ের আলো/এমকে