প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১০:২২ এএম আপডেট: ২১.১০.২০২৬ ১০:২৩ এএম
গ্রেফতার কোনদাবাথথুলা পবন কুমার। ছবি : এনডিটিভি ভারতের তেলেঙ্গনার হায়দরাবাদে ইনস্টাগ্রাম ও ফেসবুকে নারী পরিচয়ে ২৭টি ভুয়া আইডি খুলে হানিট্র্যাপের ফাঁদ পেতেছিলেন কোনদাবাথথুলা পবন কুমার নামে যুবক। পুলিশের দাবি, তিন থেকে চার বছরে এক হাজারের বেশি ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে তাদের মধ্যে ৮২ জনের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করেন তিনি। পরে সেসব ফাঁস করার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পবন কুমার হায়দরাবাদের কুকাটপল্লী এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, পবন কুমারের ইনস্টাগ্রামে ১৩টি এবং ফেসবুকে ১৪টি ভুয়া অ্যাকাউন্ট রয়েছে। এসব অ্যাকাউন্টে কলকাতার এক নারীর ছবি ব্যবহার করতেন তিনি। নারী পরিচয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে প্রথমে সখ্যতা ও পরে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। একপর্যায়ে কথোপকথন যৌন ইঙ্গিতপূর্ণ বিষয়ে গড়ালে কৌশলে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করতেন।
তদন্তকারীদের ভাষ্য, পরে ওই যুবক ভুক্তভোগীদের সঙ্গে নারীর ভাই পরিচয়ে যোগাযোগ করতেন। ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়া কিংবা পুলিশের কাছে অভিযোগ করার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করতেন।
চরমিনার জোনের ডিটিপি কিরণ প্রভাকর জানান, পুলিশের ধারণা, গত তিন থেকে চার বছরে এসব সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ব্যবহার করে এক হাজারেরও বেশি ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছেন অভিযুক্ত। তাদের মধ্যে ৮২ জন তার সঙ্গে ব্যক্তিগত ছবি বা ভিডিও শেয়ার করেছেন।
ভুক্তভোগীদের মধ্যে চিকিৎসক, ব্যবসায়ী, অধ্যাপক ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে তেলেঙ্গনার বাইরের ভারতের বিভিন্ন রাজ্যের ২৪ জন এবং ভারতের বাইরে বসবাসকারী নয়জনও রয়েছেন।
তদন্তে আরও জানা গেছে, নিজের বিশ্ববিদ্যালয়ের এক সহপাঠীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চার লাখ রুপি আদায় করেছিলেন পবন কুমার। ব্ল্যাকমেইলের মাধ্যমে এখন পর্যন্ত বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় ১৮ লাখ রুপি আদায় করেছেন বলে ধারণা করছেন তদন্তকারীরা।
এ ছাড়া ব্যবসায় বিনিয়োগের বিপরীতে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে অন্য এক ব্যক্তির কাছ থেকে সাত লাখ ১৬ হাজার রুপি নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশের অভিযানে পবন কুমারের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি পেনড্রাইভ জব্দ করা হয়েছে। এ ছাড়া, তার ব্যবহৃত দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবং তিনটি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পেয়েছেন তদন্তকারীরা।
সূত্র : এনডিটিভি
সময়ের আলো/মহু