বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দেওয়া ফেসবুক ব্যাখ্যার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরও কয়েকটি ভিডিওর তথ্যের সঙ্গে অমিল পাওয়া গেছে।
নতুন প্রকাশিত ভিডিওগুলোতে দেখা যায়, মরিয়ম বেগম নামের ওই তরুণীকে নিয়ে তিনি ‘নীলা’ নামে পরিচিত এক নারীর বাসায় গিয়েছিলেন বলে দাবি করছেন উপস্থিত কয়েকজন যুবক।
এর আগে ফেসবুক পোস্টে গাজী নজরুল ইসলাম মরিয়ম বেগমকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে পরিচয় দেন। একই সঙ্গে তিনি দাবি করেন, দ্বিতীয় শ্বশুরের অফিসে ধারণ করা ভিডিওটি তার গাড়িচালক মরিয়মের মামা গোপনে ধারণ করেছিলেন।
তবে নতুন ভিডিওগুলোর কথোপকথনে ভিন্ন চিত্র উঠে এসেছে। সেখানে কয়েকজন যুবককে বলতে শোনা যায়, ‘এটা নীলার বাসা। আগে আওয়ামী লীগ করত। এখন দেহ ব্যবসার জন্য বাড়ি ভাড়া দেয়।’ তারা আরও প্রশ্ন করেন, ‘আগে কয়বার এসেছেন? সত্যি করে বলেন, কয়বার এসেছেন। আমরা কয়েক দিন ধরে দেখেছি আপনি এখানে আসেন, কিন্তু ধরতে পারছিলাম না।’
ভিডিওতে গাজী নজরুল ইসলামকে হাতজোড় করে ক্ষমা চাইতেও দেখা যায়। তিনি বলেন, ‘আমাদের ছেড়ে দেন। আমরা অন্যায় করেছি।’ অন্যদিকে, মরিয়ম বেগমকে পুরো সময় তুলনামূলক স্থির থাকতে দেখা যায়। তিনি উপস্থিত যুবকদের সঙ্গে উঁচু স্বরে কথোপকথনেও অংশ নেন।
ভিডিওতে উল্লেখ করা ‘নীলা’ নামের ওই নারীর পরিচয় স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ভিডিওতে উপস্থিত ব্যক্তিদের কথোপকথন থেকে ঘটনাটি ঢাকার কোনো একটি স্থানে ঘটেছে বলে ধারণা পাওয়া যায়।
সময়ের আলো/এসএকে