কনটেন্ট ক্রিয়েটর কাফি, তার বাবা ও ভাইয়ের বিরুদ্ধে মামলা

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা নুরুজ্জামান কাফি, তার বাবা এ. বি. এম. হাবিবুর রহমান এবং বড় ভাই মো. মামুনের

2026-07-21T18:31:12+00:00
2026-07-21T18:31:12+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ
কনটেন্ট ক্রিয়েটর কাফি, তার বাবা ও ভাইয়ের বিরুদ্ধে মামলা
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬:৩১ পিএম 
কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা নুরুজ্জামান কাফি। ছবি : সংগৃহীত
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা নুরুজ্জামান কাফি, তার বাবা এ. বি. এম. হাবিবুর রহমান এবং বড় ভাই মো. মামুনের বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ জুলাই সকাল ১০টা ১৫ মিনিটের দিকে নুরুজ্জামান কাফি, তার বাবা ও ভাই মাটি কাটার ভেকু মেশিন, ভ্যান, কোদাল ও খোয়া নিয়ে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের রজপাড়া মৌজার বিএস ১২ নম্বর খতিয়ানের ৫৯ নম্বর দাগের জমিতে প্রবেশ করেন। সেখানে তারা মাটি কেটে আকার পরিবর্তন করে জোরপূর্বক চলাচলের রাস্তা তৈরির চেষ্টা চালান।

খবর পেয়ে বিদ্যালয়ের পাঁচজন সহকারী শিক্ষককে সঙ্গে নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঘটনাস্থলে যান এবং রাস্তা তৈরিতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে কাফি প্রধান শিক্ষকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কাফি শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণ ও ধাক্কাধাক্কি করেন এবং প্রাণনাশের হুমকি দেন।


পরবর্তীকালে আসামিরা ১১০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থের প্রায় ৬ শতাংশ জমির আনুমানিক ১ লাখ টাকা মূল্যের মাটি কেটে নিজ বাড়িসহ বিভিন্ন স্থানে স্তূপ করে রাখেন এবং সেখানে পাথর ফেলে রাস্তা তৈরি করেন। এতে বিদ্যালয়ের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম জানান, রজপাড়া মৌজার বিভিন্ন দাগে মোট ২১ দশমিক ৭৬ একর জমির প্রকৃত মালিক খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয় কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে সীমানা নির্ধারণ করে এই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছে। ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করা হলেও কাফি ও তার পরিবার সম্মত হননি। কলাপাড়া থানায় যোগাযোগ করা হলে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেয়। আমরা বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় সুষ্ঠু বিচার দাবি করছি।

অভিযোগের বিষয়ে নুরুজ্জামান কাফি বলেন, জমির ওয়ারিশরা দীর্ঘদিন আইনি লড়াই চালিয়ে সুপ্রিম কোর্ট থেকে রায় পেয়েছেন। তাদের কাছ থেকে আমি বায়না সূত্রে জমি কিনেছি এবং মালিকপক্ষ জমি বুঝিয়ে দেওয়ার পর আমি রাস্তা নির্মাণ করেছি। খেপুপাড়া স্কুলের প্রধান শিক্ষক রহিম স্যারের সঙ্গে আমার কোনো দিন সামনাসামনি দেখাও হয়নি, কথাও হয়নি। আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। নিরপেক্ষ তদন্ত করলেই আসল সত্য বেরিয়ে আসবে।

কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল আদালতের বেঞ্চ সহকারী মো. ফেরদৌস মিয়া জানান, মামলাটি নথিভুক্ত করা হয়েছে। আদালত কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

সময়ের আলো/জোই



  বিষয়:   জমি দখল  চাঁদাবাজি  কনটেন্ট ক্রিয়েটর  কাফি  বাবা  ভাই  মামলা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: