চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে একটি বিদ্যুতায়িত লোহার মই স্পর্শ করার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম, হাসিনা বেগমের ভাতিজি আশা খাতুন ও তার মেয়ে মিম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৃষ্টির পানিতে ভেজার কারণে বা সংযোগের ত্রুটির ফলে বসতবাড়ির একটি লোহার মই বিদ্যুতায়িত হয়ে পড়ে। ওই মই দিয়ে ওপরে ওঠার চেষ্টা করার সময় প্রথমে আশা খাতুন ও তার মেয়ে মিম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের বিপদে দেখে বাঁচাতে এগিয়ে এলে হাসিনা বেগমও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন (পিপিএম) ও বারঘোরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি একরামুল হোসাইন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা অবহেলা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সময়ের আলো/জোই