পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নেপালকে পাত্তাই দিল না স্বাগতিক বাংলাদেশ। ঢাকার জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত চতুর্থ ম্যাচে নেপালকে ৩৪-২২ পয়েন্টের বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই (৩-১) সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ নারী কাবাডি দল। সিরিজে টিকে থাকার বাঁচা-মরার লড়াইয়ে শুরু থেকেই মরিয়া হয়ে নামে নেপাল।
ম্যাচের প্রথমার্ধে আক্রমণাত্মক খেলা উপহার দিয়ে তারা শুরুতে ৮-৪ পয়েন্টে এগিয়েও গিয়েছিল। তবে দমে যায়নি স্বাগতিক মেয়েরা। দারুণ কিছু বোনাস পয়েন্ট আদায় করে দ্রুত ব্যবধান কমিয়ে আনে বাংলাদেশ। এরপর ট্যাকল আর রেইডে মুন্সিয়ানা দেখিয়ে লিড নেয় এবং ১৩-১১ পয়েন্টে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে।
বিরতির পর নেপাল ম্যাচে ফেরার চেষ্টা চালালেও বাংলাদেশের কৌশলগত খেলার সামনে তা টিকেনি। খেলার একপর্যায়ে নেপালের এক খেলোয়াড়কে ‘সুপার ট্যাকল’ করে ২ পয়েন্ট তুলে নেয় বাংলাদেশ, যার ফলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ২১-১৫ পয়েন্টে। এরপর মেবি চাকমার দুর্দান্ত এক ‘সুপার রেইড’ থেকে আসে আরও ৩ পয়েন্ট। ঠিক পরপরই সফরকারী নেপালকে ‘অলআউট’ করে ম্যাচে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বাংলাদেশ।
শেষ পর্যন্ত নির্ধারিত সময় শেষে ৩৪-২২ পয়েন্টের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচজুড়ে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বৃষ্টি বিশ্বাস। খেলা শেষে পুরস্কার তুলে দেন কাবাডি ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।
সময়ের আলো/প্রিন্ট/জেডি