৩৯ দিনে ৯৩ হাজার কিলোমিটার উড়লেন ফিফা সভাপতি

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ ফিফা বিশ্বকাপ ছিল ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো, এই তিন দেশে অনুষ্ঠিত ৩৯ দিনের টুর্নামেন্টে

2026-07-21T19:42:54+00:00
2026-07-21T19:42:54+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
৩৯ দিনে ৯৩ হাজার কিলোমিটার উড়লেন ফিফা সভাপতি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:৪২ পিএম 
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি : সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপ ছিল ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো, এই তিন দেশে অনুষ্ঠিত ৩৯ দিনের টুর্নামেন্টে মাঠের ব্যস্ততার পাশাপাশি আকাশপথেও ছিল ব্যাপক তৎপরতা। আর সেই ব্যস্ততার কেন্দ্রবিন্দুতে ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

ইতালীয় সংবাদ সংস্থা এএনএসএ ও অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তথ্য অনুযায়ী, বিশ্বকাপ চলাকালে ইনফান্তিনো প্রায় ৯৩ হাজার কিলোমিটার ভ্রমণ করেছেন। এপির হিসাবে উত্তর আমেরিকার সফরই ছিল প্রায় ৯৫ হাজার ৪০৩ কিলোমিটার, যা পৃথিবীকে প্রায় দুইবার প্রদক্ষিণ করার সমান।

বিশ্বকাপের ৩৯ দিনে তিনি প্রায় ১১৫ ঘণ্টা আকাশপথে কাটিয়েছেন। এই সময়ে ২১টি বিমানবন্দর ব্যবহার করেছেন এবং টুর্নামেন্টের সব ১৬টি ভেন্যুতেই অন্তত একটি করে ম্যাচে উপস্থিত ছিলেন। সব মিলিয়ে তিনি ৪৪টি ম্যাচ সরাসরি দেখেছেন। এর মধ্যে ১৩ দিনে একই দিনে দুটি করে ম্যাচে উপস্থিত থাকার নজিরও গড়েন।

প্রতিবেদন অনুযায়ী, সফরের জন্য ইনফান্তিনো কাতার সরকারের বহরে থাকা কাতার এয়ারওয়েজ পরিচালিত গালফস্ট্রিম জি৬৫০ ব্যক্তিগত জেট ব্যবহার করেন। এ যাত্রার ব্যয় বহন করেছে ফিফা।

শুধু উড়োজাহাজের জ্বালানিতেই আনুমানিক ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার ব্যয় হয়েছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২১ টাকা ৬৬ পয়সা হিসাবে) যার পরিমাণ প্রায় ৪ কোটি ৩২ লাখ ৪৯ হাজার টাকা।

এ সফরে প্রায় ৭০০ টন কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এটি গড়ে প্রায় ৪০ জন মার্কিন নাগরিকের এক বছরের কার্বন নিঃসরণের সমান।


বিশ্বকাপ চলাকালে ইনফান্তিনোর সবচেয়ে ব্যস্ত দিন ছিল ২৬ জুন। সেদিন তিনি প্রায় ৫ হাজার ৭৭২ মাইল বা প্রায় ৯ হাজার ২৮৫ কিলোমিটার আকাশপথে ভ্রমণ করেন। এছাড়া কাতারের সাবেক আমিরের জানাজায় অংশ নিতে দোহা সফরের জন্য অতিরিক্ত প্রায় ২৯ ঘণ্টা ভ্রমণ করতে হলেও সেই যাত্রা এ হিসাবের অন্তর্ভুক্ত নয়।

ইনফান্তিনোর এই ব্যাপক বিমান ভ্রমণ নতুন করে পরিবেশগত বিতর্কের জন্ম দিয়েছে। কারণ, ফিফা ২০৩০ সালের মধ্যে নিজেদের কার্যক্রম থেকে কার্বন নিঃসরণ অর্ধেকে নামিয়ে আনা এবং ২০৪০ সালের মধ্যে নেট-জিরো নির্গমন অর্জনের প্রতিশ্রুতি দিয়েছে। তবে সংস্থার প্রধান কর্মকর্তার ব্যক্তিগত জেট ব্যবহার সেই অঙ্গীকারের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে মন্তব্য জানতে ই-মেইলে যোগাযোগ করা হলেও ফিফার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   ৩৯ দিন  ৯৩ হাজার  কিলোমিটার  ফিফা সভাপতি  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: