বিশ্বকাপের আরেকটি লাল কার্ড বাতিল করল ফিফা

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হার নিশ্চিত হওয়ার শেষ বাঁশি বাজার পর মাঠে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ম্যাচ শেষে দুই

2026-07-21T22:09:26+00:00
2026-07-21T22:09:26+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
বিশ্বকাপের আরেকটি লাল কার্ড বাতিল করল ফিফা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১০:০৯ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হার নিশ্চিত হওয়ার শেষ বাঁশি বাজার পর মাঠে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে জড়িয়ে পড়েন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসসহ উভয় দলের একাধিক ফুটবলার, এমনকি বেঞ্চের খেলোয়াড় ও কোচিং স্টাফরাও।

টেলিভিশন ফুটেজে দেখা যায়, স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার গলা চেপে ধরেন পারেদেস। একপর্যায়ে তিনি গার্সিয়াকে মাটিতে ফেলে দেন। এরপর স্পেনের মিডফিল্ডার গাভিসহ দুই দলের আরও কয়েকজন খেলোয়াড় সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে ম্যাচ অফিসিয়াল, সতীর্থ ও কোচিং স্টাফদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে খেলোয়াড়দের শান্ত করতে এগিয়ে যেতে দেখা যায়। অন্যদিকে লিওনেল মেসি দূর থেকে পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করেন।

বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্পেন অধিনায়ক রদ্রিকে চড় মারার অভিযোগ ওঠে আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মলিনার বিরুদ্ধে। উদযাপনের সময় ঘটে যাওয়া ওই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনার সূত্রপাত হয়। পরে রদ্রি ব্যাখ্যা চাইলে এরিক গার্সিয়া ও বোরহা ইগলেসিয়াস তাকে সমর্থন দিতে এগিয়ে আসেন এবং সেখান থেকেই পরিস্থিতির অবনতি ঘটে।

ম্যাচ শেষে প্রথমদিকে খবর ছড়িয়ে পড়ে যে, পারেদেসকে তার আচরণের জন্য লাল কার্ড দেখানো হয়েছে। তবে পরে জানা যায়, সেটি তথ্যগত ভুল ছিল। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, ফিফার ধারাভাষ্যকার তথ্য ব্যবস্থায় ভুলবশত পারেদেসের নামে লাল কার্ড যুক্ত হয়েছিল। সেখানে উল্লেখ করা হয়েছিল, স্পেনের খেলোয়াড়ের সঙ্গে মারামারির ঘটনায় রেফারি স্লাভকো ভিনচিচ তাকে লাল কার্ড দেখিয়েছেন।

পরে ফিফা বিবিসিকে নিশ্চিত করে জানায়, পারেদেসের বিরুদ্ধে ওই ঘটনার জন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। সংস্থাটি জানায়, ভুলবশত যুক্ত হওয়া লাল কার্ডের তথ্য অল্প সময়ের মধ্যেই সংশোধন করা হয়।


তবে ম্যাচ চলাকালে ফাউলের দায়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টিনার ফরোয়ার্ড এনজো ফার্নান্দেজ। ফলে অতিরিক্ত সময় ১০ জন খেলোয়াড় নিয়ে খেলতে হয় আগের আসরের চ্যাম্পিয়নদের।

এদিকে স্কাই স্পোর্টস জানিয়েছে, ম্যাচ শেষে আর্জেন্টিনার একাধিক খেলোয়াড় ও কোচিং স্টাফের অপ্রীতিকর আচরণের ঘটনায় ফিফা আনুষ্ঠানিক তদন্ত শুরু করতে যাচ্ছে। রেফারির প্রতিবেদন ও ম্যাচের ভিডিও বিশ্লেষণের পর আর্জেন্টিনার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ফিফা জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা শাস্তির ঘোষণা দেবে না। শৃঙ্খলাবিষয়ক তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। সেই সিদ্ধান্ত আসতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

এর আগে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ডও বাতিল করেছিল ফিফা। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানান। পরে পুনঃপর্যালোচনার মাধ্যমে বালোগানের শাস্তি স্থগিত করা হয় এবং তিনি বেলজিয়ামের বিপক্ষে পরের ম্যাচে খেলেন। বিষয়টি নিয়ে বিশ্বকাপজুড়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। তবে পারেদেসের ক্ষেত্রে ফিফা জানিয়েছে, এটি ছিল কেবল তথ্যগত ত্রুটি, শাস্তি প্রত্যাহারের কোনো ঘটনা নয়।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   বিশ্বকাপ  ফাইনাল  স্পেন  আর্জেন্টিনা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: