সাতক্ষীরা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগের প্রতিবাদে বাগেরহাটের মোংলায় থুথু নিক্ষেপ, কুশপুত্তলিকা দাহ ও প্রতিবাদ সভা করেছে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠন।
বুধবার (২২ জুলাই) বাগেরহাটের মোংলা পৌরসভার সামনে এ উপলক্ষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের সর্বস্তরের নারী ও পুরুষ নেতাকর্মী অংশ নেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি এবং পৌর যুবদলের সদস্য সচিব আবুল কাশেম, উপজেলা বিএনপি নেত্রীর নার্গিস বেগম সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৭১ সালে জামায়াতে ইসলামী যেভাবে নারীদের ওপর নির্যাতন চালিয়েছিল, তারা আজও সেই জঘন্য মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারেনি। ধর্মের নাম ব্যবহার করে তারা এখনো নারীদের ওপর নির্যাতন ও ধর্ষণের মতো অপকর্ম চালিয়ে যাচ্ছে। বক্তারা সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানান এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রতিবাদ সমাবেশ শেষে ক্ষুব্ধ নেতাকর্মীরা মোংলা পৌরসভার সামনে প্রতীকী থুথু নিক্ষেপ করেন এবং অভিযুক্ত জামায়াত নেতার কুশপুত্তলিকা দাহ করে ঘটনার চরম ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেন।
সময়ের আলো/জোই