ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে অঙ্কিত জুলাই-গ্রাফিতি সংরক্ষণের লক্ষ্যে পুনরায় রংকরণ বা পুনর্লিখন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। গ্রাফিতির মূল বৈশিষ্ট্য, চেতনা ও তাৎপর্য অক্ষুণ্ন রেখে আগামী ২৬ জুলাই রবিবার থেকে এসব গ্রাফিতি রংকরণের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য ভবন থেকে রোকেয়া হল পর্যন্ত রংকরণ মধ্য দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করা হবে। এই কার্যক্রম সমন্বয়ের জন্য চারুকলা অনুষদের ডিন, প্রক্টর এবং আরবরি কালচার সেন্টারের পরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে। গ্রাফিতি রংকরণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী তৎকালীন গ্রাফিতি অঙ্কন শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে। আগ্রহী শিল্পী ও সৌখিন শিল্পীদের আগামী ২৫ জুলাই ২০২৬ তারিখের মধ্যে ০১৭১৬১১৬০২৩ হোয়াটস্অ্যাপ নাম্বারে নাম ও ঠিকানা নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচি অনুযায়ী বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টায় নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী ছাত্রী নিবাসে জুলাই স্মৃতিচারণ ও আলোচনা, রচনা প্রতিযোগিতা, ব্যক্তিগত অভিজ্ঞতা বিনিময় এবং কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এ উপলক্ষ্যে বিজ্ঞান অনুষদের উদ্যোগে আগামী ২৬ জুলাই দুপুর ১২:৩০ টায় অনুষদের কনফারেন্স কক্ষে ‘‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ : ছাত্র-জনতার আকাঙ্ক্ষা ও ভবিষ্যতের বাংলাদেশ’’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান ও রসায়ন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
অমর একুশে হলের উদ্যোগে এ উপলক্ষ্যে আগামী ১ আগস্ট সন্ধ্যা ৭:৩০ টায় হল অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এছাড়া, কবি সুফিয়া কামাল হলের উদ্যোগে আগামী ৩০ জুলাই সন্ধ্যায় হলে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হবে। ৩১ জুলাই সকাল ১১ টায় দোআ মাহফিল, দুপুর ২:০০ টা থেকে বিকাল ৩:০০ টা পর্যন্ত পোস্টার প্রদর্শন প্রতিযোগিতা, বিকাল ৪:০০ টায় জুলাই শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন, স্মৃতি কথন, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক সন্ধ্যা, পুরস্কার বিতরণ এবং ফটোসেশন অনুষ্ঠিত হবে। হলটির উদ্যোগে ‘‘জুলাইয়ের চেতনা : বর্তমান ও ভবিষ্যৎ’’ শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষ্যে সলিমুল্লাহ মুসলিম হলের উদ্যোগে আগামী ৩১ জুলাই বিকাল ৪:০০ টায় আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
জগন্নাথ হলের উদ্যোগে এ উপলক্ষ্যে আগামী ০২ আগস্ট বিকাল ৩:০০ টায় আলোকচিত্র প্রদর্শনী, সন্ধ্যা ৭:০০ টায় গণসংগীত পরিবেশন, সন্ধ্যা ৭:২০ টায় প্রামাণ্যচিত্র প্রদর্শনী, সন্ধ্যা ৭:৩০ টায় সেমিনার ও জগন্নাথ হল উপাসনালয়ে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।
শামসুন নাহার হলের উদ্যোগে আগামী ২৬ জুলাই সন্ধ্যা ৬টায় গণ-অভ্যুত্থান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, সন্ধ্যা ৭টায় ডকুমেন্টারি প্রদর্শন, ৭:০৫টায় স্মৃতিচারণ, ৭:১৫টায় কবিতা আবৃত্তি, ৭:২৫টায় দলীয় নৃত্য পরিবেশন এবং ৭:৩০টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষ্যে হাজী মুহম্মদ মুহসীন হল “জুলাই স্মৃতিকথন” শীর্ষক বিশেষ সংকলন প্রকাশ করবে। এছাড়া, রোকেয়া হল ৩০ জুলাই, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ২৫ জুলাই, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ২৪ জুলাই, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ২৫ জুলাই, বিজয় একাত্তর হল ২৩ জুলাই এবং ড. কুদরাত-ই-খুদা হোস্টেল ০৫ আগস্ট জুলাই অনুষ্ঠানমালার আয়োজন করবে।
সময়ের আলো/কেএইচ