অস্ত্র আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ২৩ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (২২ জুলাই) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৪-এ এ মামলার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আসামিপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম (কাইয়ুম) এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনালের বিচারক মঈন উদ্দিন চৌধুরী অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৩ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেন।
এর আগে দুপুরে ঢাকা মহানগর হাজতখানা থেকে কড়া নিরাপত্তার মধ্যে আনিসুল হককে আদালতে হাজির করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ২৫ আগস্ট জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য দেওয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়। একই সঙ্গে স্থগিত লাইসেন্সের আওতাভুক্ত সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র ও গোলাবারুদ জমা না দিলে তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য করে অস্ত্র আইনে মামলা করার কথাও প্রজ্ঞাপনে উল্লেখ ছিল।
অভিযোগ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে আনিসুল হক তার লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র নিজে বা কোনো প্রতিনিধির মাধ্যমে বনানী থানা কিংবা অন্য কোনো থানায় জমা দেননি। এ বিষয়ে তিনি থানাকেও অবহিত করেননি। পরে তার অস্ত্রের লাইসেন্সে উল্লেখিত ঠিকানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি।
এ ঘটনায় চলতি বছরের ২৪ মে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. জানে আলম দুলাল বাদী হয়ে আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
সময়ের আলো/এসএকে