সংস্কার ছাড়া বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় কুড়িগ্রাম জেলা শহরের শাপলা চত্বরে গণভোটের রায় বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষা এবং বেকারদের কর্মসংস্থানের দাবিতে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ পদযাত্রা’ কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘যদি বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন না হয়, বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে যদি বিএনপির পকেট ভরা হয়, আগামীর বাংলাদেশে প্রবাসীরা রেমিট্যান্স বন্ধ করবে, শ্রমিকরা কলকারখানা বন্ধ করবে। সংস্কার ছাড়া, আবু সাঈদের রক্তের প্রতিশোধ ছাড়া বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই।’
এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলেন, ‘বিএনপি ভোটের আগে বলেছিল, তোমরা ভোট দাও, আমরা ভোটের পর সংস্কার বাস্তবায়ন করব। বিএনপির গদি এখন মোটা হয়ে গেছে, জনগণকে তাদের গোণার সময় নাই। সেই জনগণ আর বাংলাদেশে নাই, তারা শেখ হাসিনার গদিতে আগুন লাগায় দিয়েছিল। সংবিধান সংস্কার না হলে যেকোনও মুহূর্তে জনগণ এই সংবিধানের বিরুদ্ধে ফুঁসে উঠবে।’
তিনি দাবি করেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করে সরকার পরিচালনা করা হচ্ছে। ফলে, দেশের মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে পাটওয়ারী বলেন, ‘তিনি বিজেপি সরকারের মডেল অনুসরণ করে, বিভিন্ন প্রলোভন দেখিয়ে, বিভিন্ন দলের নেতাদের দলে ভেড়ানোর চেষ্টা করছেন। ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠান ও মসজিদ কমিটিসহ নানা প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করছে বিএনপি।’
জনগণের স্বার্থের বিরুদ্ধে গিয়ে তারেক রহমানের নেতৃত্বে ‘কু-সংস্কার’ বাস্তবায়নের জন্য একটি সমঝোতা কমিটি গঠন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জেলা আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুদসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
সময়ের আলো/মহু