লালমনিরহাটে তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। বুধবার (২২ জুলাই) বিকেল ৩টায় নদীর পানি বিপদসীমার ১২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা এখনো পুরোপুরি কাটেনি।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, বুধবার সকালে তিস্তার পানি বিপদসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পরে দুপুরে তা নেমে আসে বিপদসীমার ৮ সেন্টিমিটার নিচে। বিকেল ৩টায় আরও কমে বিপদসীমার ১২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হতে থাকে।
এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় তিস্তা ও ধরলা নদীর পানি সতর্কসীমা কিংবা বিপদসীমার কাছাকাছি অবস্থান করতে পারে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এসব এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান বলেন, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বন্যাকবলিত এলাকায় দ্রুত শুকনো খাবার ও জিআর চাল বিতরণের জন্য প্রতিটি উপজেলায় প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
জেলা প্রশাসন জানিয়েছে, নদীর পানি আবার বৃদ্ধি পেলে দ্রুত ত্রাণ বিতরণসহ প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।
সময়ের আলো/এসএকে