রংপুরে ডিসিসহ নেসকোর ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

রংপুর ব্যুরো

সারাদেশ

সরকারি নির্দেশনা উপেক্ষা করে সচল পোস্টপেইড বিদ্যুৎ মিটার খুলে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন, অতিরিক্ত অর্থ আদায় এবং গ্রাহকদের হয়রানির অভিযোগে

2026-07-22T22:41:39+00:00
2026-07-22T22:44:14+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সারাদেশ
রংপুরে ডিসিসহ নেসকোর ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
রংপুর ব্যুরো
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১০:৪১ পিএম  আপডেট: ২২.০৭.২০২৬ ১০:৪৪ পিএম
ছবি : সময়ের আলো
সরকারি নির্দেশনা উপেক্ষা করে সচল পোস্টপেইড বিদ্যুৎ মিটার খুলে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন, অতিরিক্ত অর্থ আদায় এবং গ্রাহকদের হয়রানির অভিযোগে রংপুরের জেলা প্রশাসক (ডিসি) ও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির পাঁচ কর্মকর্তাসহ মোট ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন ১৫ জন ভুক্তভোগী গ্রাহক।

বুধবার (২২ জুলাই) দুপুরে রংপুর সদর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক আবু বক্কর সিদ্দীকের আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে আগামী ২৭ সেপ্টেম্বর শুনানির দিন নির্ধারণ করেছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী পলাশ কান্তি নাগ।

মামলার আসামিরা হলেন, নেসকোর প্রধান প্রকৌশলী (অপারেশন) মো. আশরাফুল ইসলাম মণ্ডল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালন ও সংরক্ষণ-১) মো. মোসাদ্দেক কবির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালন ও সংরক্ষণ-২) মো. শরিফুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (এনার্জি এফিসিয়েন্সি অ্যান্ড মিটারিং) মো. মোশারফুজ্জামান ভূঁইয়া, রংপুরের ব্যবস্থাপক (হিসাব) মোছা. কানিজ ফাতেমা এবং রংপুরের জেলা প্রশাসক। তবে মামলায় জেলা প্রশাসকের পদবি উল্লেখ করা হলেও ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি।

মামলায় অভিযোগ করা হয়েছে, প্রিপেইড মিটার ব্যবহারের কারণে গ্রাহকদের প্রতি মাসে মিটার ভাড়া, ডিমান্ড চার্জ, রিচার্জে ৫ শতাংশ ভ্যাট এবং মোবাইল ব্যাংকিং কমিশনের নামে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হচ্ছে। এছাড়া মিটার লক হয়ে গেলে তা আনলক করার জন্য গ্রাহকদের কাছ থেকে ৬০০ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগও করা হয়েছে।


বাদীপক্ষের সমন্বয়কারী আব্দুল জব্বার বলেন, সরকার নতুন সংযোগ ও নষ্ট মিটার প্রতিস্থাপনের ক্ষেত্রেই কেবল প্রিপেইড মিটার স্থাপনের নির্দেশনা দিয়েছে। কিন্তু নেসকো সেই নির্দেশনা উপেক্ষা করে সচল পোস্টপেইড মিটার খুলে জোরপূর্বক প্রিপেইড মিটার বসাচ্ছে। এতে সাধারণ গ্রাহকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ কারণে আদালতের মাধ্যমে এই কার্যক্রম বন্ধ এবং গ্রাহকদের অধিকার রক্ষার আবেদন জানানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রিপেইড মিটার প্রযুক্তির প্রতি তাদের আপত্তি নেই। তাদের আপত্তি জোরপূর্বক বাস্তবায়ন, অতিরিক্ত চার্জ আদায় এবং সরকারি নির্দেশনা অমান্য করার বিরুদ্ধে।

বাদীপক্ষের আইনজীবী পলাশ কান্তি নাগ জানান, মামলায় প্রিপেইড মিটার স্থাপনের চলমান কার্যক্রম বন্ধ, জোরপূর্বক পোস্টপেইড মিটার অপসারণে নিষেধাজ্ঞা, সরকারি নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা এবং মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন আদেশ চাওয়া হয়েছে।

এ বিষয়ে নেসকোর প্রধান প্রকৌশলী (অপারেশন) মো. আশরাফুল ইসলাম মণ্ডল বুধবার বিকেলে সময়ের আলোকে বলেন, ‘মামলার বিষয়ে আমরা আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

সময়ের আলো/এসএক


  বিষয়:   ডিসি  নেসকো  কর্মকর্তা  মামলা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: