রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫৬টি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানে ডিএমপির রমনা বিভাগ ২১ জনকে, লালবাগ বিভাগ ৩৮ জনকে, ওয়ারী বিভাগ ১০৪ জনকে, মতিঝিল বিভাগ ৪৯ জনকে, তেজগাঁও বিভাগ ৭৪ জনকে, মিরপুর বিভাগ ৮৩ জনকে, গুলশান বিভাগ ৩৮ জনকে, উত্তরা বিভাগ ৩৫ জনকে ও গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেফতার করে।
এসময় তাদের হেফাজত থেকে ম্যাগাজিনসহ ১টি বিদেশি পিস্তল, ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা, ৯ কেজি ৫ গ্রাম গাঁজা, ৭ গ্রাম হেরোইন, ১টি মাইক্রোবাস, ১টি কার্টার, ১টি চাকু, ৫টি মোবাইল, ১টি মোটরসাইকেল জব্দ ও এক ভিকটিমকে উদ্ধার করা হয়।
সময়ের আলো/কেএইচও