ব্যক্তিনির্ভর রাজনীতি ও দুর্বল স্থানীয় সরকারের কারণেই জনভোগান্তি : নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয়

দেশের বিদ্যমান বিকৃত রাজনৈতিক সংস্কৃতি, দুর্বল স্থানীয় সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্থবিরতার কারণে সাধারণ মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত

2026-07-23T11:46:47+00:00
2026-07-23T11:49:18+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
জাতীয়
ব্যক্তিনির্ভর রাজনীতি ও দুর্বল স্থানীয় সরকারের কারণেই জনভোগান্তি : নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:৪৬ এএম  আপডেট: ২৩.০৭.২০২৬ ১১:৪৯ এএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত
দেশের বিদ্যমান বিকৃত রাজনৈতিক সংস্কৃতি, দুর্বল স্থানীয় সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্থবিরতার কারণে সাধারণ মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, রাষ্ট্রকে কোনো ব্যক্তিকেন্দ্রিক ব্যবস্থায় নয়, শক্তিশালী প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করতে হবে। সংসদ সদস্যকে কেবল আইনপ্রণেতার ভূমিকায় থাকতে হবে এবং স্থানীয় সকল উন্নয়ন ও জনসেবার সার্বিক দায়িত্ব নিতে হবে কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থাকে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে দেওয়া এক পোস্টে চলমান রাষ্ট্রীয় সংকট ও পদযাত্রার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, পদযাত্রায় অংশ নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে তিনি প্রত্যক্ষ করেছি সাধারণ মানুষের করুণ দুর্দশা। দেশের নাগরিকেরা আজ নিরাপদ চিকিৎসা, মানসম্মত শিক্ষা, কর্মসংস্থান কিংবা নিরপেক্ষ বিচার পাচ্ছে না। রাষ্ট্রের মৌলিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর চরম ব্যর্থতার কারণে সর্বস্তরের মানুষের পুঞ্জীভূত ক্ষোভ গিয়ে পড়ছে স্থানীয় সংসদ সদস্যদের ওপর।

সংসদ সদস্য ও জনগণের সম্পর্কের অপব্যাখ্যা তুলে ধরে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, রাস্তাঘাট নির্মাণ, চাকরির সুপারিশ কিংবা চিকিৎসার অর্থ যোগাড়— সব কিছুর জন্যই মানুষ এমপির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। অথচ একজন সংসদ সদস্যের প্রধান দায়িত্ব সংসদ ভবনে আইন প্রণয়ন, সরকারের যাবতীয় জবাবদিহি নিশ্চিতকরণ এবং জাতীয় নীতিনির্ধারণে অংশ নেওয়া। কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতি এমন এক পর্যায়ে অবক্ষয়ের শিকার হয়েছে যে, জনগণ তো বটেই, অনেক সংসদ সদস্য নিজেও নিজের প্রকৃত সাংবিধানিক দায়িত্ব অনুধাবন করতে চান না।

তিনি আরও বলেন, দেশে একটি স্বাধীন ও কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থা না থাকায় চেয়ারম্যান কিংবা মেয়রদের দায়িত্বও এমপিদের কাঁধে এসে চেপেছে। আর পরবর্তী নির্বাচনে নিজের অবস্থান শক্ত রাখার লোভে এমপিরাও রাষ্ট্রীয় দায়িত্বের চেয়ে ব্যক্তিনির্ভর রাজনীতিতে নিজেদের জড়িয়ে ফেলছেন।

মাঠপর্যায়ের করুণ চিত্র তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এলাকার মানুষের ক্রমবর্ধমান চাপ সামলাতে না পেরে অনেক এমপি শেষ পর্যন্ত ঢাকাকেন্দ্রিক হয়ে পড়েন। এলাকা পরিচালনার ভার ন্যস্ত হয় তাদের পিএস, দলীয় অনুসারী বা স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেটের হাতে। ফলে সাধারণ নাগরিকেরা রাষ্ট্রীয় প্রশাসনের সঠিক সেবা থেকে বঞ্চিত হয়ে ব্যক্তি বিশেষের দ্বারস্থ হতে বাধ্য হচ্ছেন। এছাড়া 
রাজনৈতিক আশ্রয়ে স্থানীয় পর্যায়ে মাদক, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলের মহোৎসব চলছে। নির্বাচনে ব্যয় করা অর্থ পুনরুদ্ধারের প্রবণতা থেকেই উন্নয়ন বরাদ্দে দেখা দিচ্ছে চরম বৈষম্য। ক্ষমতার কাছাকাছি থাকা প্রভাবশালীরাই লুটে নিচ্ছে অধিকাংশ উন্নয়ন বাজেট।

তিনি আরও বলেন, নির্বাচনে দলীয় মনোনয়ন হারানোর ভয়ে বহু সংসদ সদস্য নীতি বা জাতীয় গুরুত্বসম্পন্ন সংস্কার নিয়ে আলোচনার পরিবর্তে সংসদের মূল্যবান সময় ব্যয় করেন রাজনৈতিক স্লোগান ও দলীয় প্রশংসায়।

রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার আমূল সংস্কারের জোর দাবি জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রশাসনকে কোনো নির্দিষ্ট দলের আনুগত্য না করে সংবিধান ও আইনের প্রতি দায়বদ্ধ হতে হবে। ব্যক্তি বা দলের অনুগ্রহে নয়, বরং আইনের শাসনের মধ্য দিয়েই নাগরিকের প্রতিটি অধিকার সুনিশ্চিত করতে হবে। এই কাঠামোগত পরিবর্তন ছাড়া সাধারণ মানুষের ভোগান্তি দূর করা কিংবা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব নয়।


সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  এনসিপি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: