বঙ্গভবন ছেড়ে কোথায় উঠছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে পারেন বলে একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে। সূত্রগুলোর

2026-07-24T11:06:55+00:00
2026-07-24T11:06:55+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
জাতীয়
বঙ্গভবন ছেড়ে কোথায় উঠছেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১১:০৬ এএম 
ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে পারেন বলে একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে। সূত্রগুলোর দাবি, তিনি আজ অথবা আগামী এক-দুই দিনের মধ্যেই স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন। পদত্যাগের পর রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ওঠার প্রস্তুতিও নিয়েছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগ কার্যকর করতে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। এ লক্ষ্যে রাষ্ট্রপতির কার্যালয়ের প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বর্তমানে চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থান করায় আনুষ্ঠানিক প্রক্রিয়াটি কিছুটা বিলম্বিত হতে পারে। তিনি দেশে ফিরলে বিষয়টি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বঙ্গভবনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, রাষ্ট্রপতি নীতিগতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং পদত্যাগপত্রও প্রস্তুত করা হয়েছে। তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত তিনি তাতে স্বাক্ষর করেননি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বঙ্গভবনের এক কর্মকর্তা জানান, রাষ্ট্রপতির মনোনীত কয়েকজন কর্মকর্তা ইতোমধ্যে নিজেদের ব্যক্তিগত মালামাল গুছিয়ে নিয়েছেন। তার দাবি, কয়েক দিন আগে রাষ্ট্রপতি অধস্তন কর্মকর্তাদের চলতি মাসের মধ্যেই বঙ্গভবন ছাড়ার জন্য মৌখিক নির্দেশনা দিয়েছেন। পদত্যাগের পর তিনি গুলশানের নিজ বাসভবনে অবস্থান করবেন। পরে চিকিৎসা ও বিশ্রামের উদ্দেশ্যে বিদেশে যাওয়ার পরিকল্পনাও রয়েছে বলে ওই কর্মকর্তা জানান।

বঙ্গভবনের দায়িত্বে থাকা আরেক কর্মকর্তা জানান, দুই দিন আগে রাষ্ট্রপতি তাদের বলেছেন, ‘ওরা আমাকে চলে যেতে বলেছে। হয়তো আমার চলে যেতে হবে। তোমরা চলতি মাসের মধ্যেই বঙ্গভবন ছেড়ে যার যার মতো চলে যাও।’ তবে ‘ওরা’ বলতে কাদের বোঝানো হয়েছে—এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের কারণ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, চলতি বছরের মে মাসে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানকালে তিনি ভারতের অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গোপনে ফোনে কথা বলেছেন, এমন একটি অভিযোগ সামনে আসে। ১৮ মে দেশে ফেরার পর বিষয়টি নিয়ে একাধিক গোয়েন্দা সংস্থা অনুসন্ধান শুরু করে বলে সূত্রগুলোর দাবি।

এ ছাড়া সূত্রগুলোর মতে, শেখ হাসিনার চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাও রাষ্ট্রপতির ভবিষ্যৎ অবস্থান নিয়ে সরকারের মূল্যায়নে প্রভাব ফেলেছে। এসব বিষয় বিবেচনায় রাষ্ট্রপতিকে আর দায়িত্বে রাখা সমীচীন হবে না—এমন ধারণা সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে রয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সময় তিনি মেয়াদ পূর্ণ হওয়ার আগেই দায়িত্ব ছাড়ার ইচ্ছার কথা প্রকাশ্যে উল্লেখ করেছিলেন। সর্বশেষ তিনি বলেছিলেন, সরকার চাইলে দায়িত্বে থাকবেন, অন্যথায় স্বেচ্ছায় পদত্যাগ করবেন।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   বঙ্গভবন  কোথায় উঠছেন রাষ্ট্রপতি  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: