দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারণের লক্ষ্যে চারটি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে ইরান ও ইরাক। বৃহস্পতিবার (২৩ জুলাই) তেহরানের সাদাবাদ সাংস্কৃতিক-ঐতিহাসিক কমপ্লেক্সে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও ইরাকের প্রধানমন্ত্রী আলি ফালেহ আল-জাইদির উপস্থিতিতে এসব চুক্তি সই হয়।
সই হওয়া চুক্তিগুলোর মধ্যে রয়েছে সড়কপথে পণ্য পরিবহন, খসরাভি-খানাকিন-বাগদাদ রেলপথ নির্মাণ, তেহরান ও বাগদাদের মধ্যে ‘সিস্টার সিটি’ সম্পর্ক স্থাপন এবং জনপ্রশাসন, প্রশিক্ষণ ও মানবসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা।
সাম্প্রতিক বছরগুলোতে প্রতিবেশী দুই দেশ রাজনৈতিক, অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা জোরদারে একাধিক উদ্যোগ নিয়েছে।
বৈঠকে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেন, তার সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
এর আগে বৃহস্পতিবার তেহরানে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে পেজেশকিয়ান ও আলি ফালেহ আল-জাইদি দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে কৌশলগত সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সময়ের আলো/কেএইচ