বঙ্গভবন ছাড়ার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যে বাসভবনে উঠতে পারেন বলে আলোচনা চলছে, রাজধানীর গুলশানের সেই বাসভবনে এখনো কোনো ধরনের ব্যস্ততা দেখা যায়নি। তবে শুক্রবার বিকেলে সেখানে নতুন টেলিফোন সংযোগ স্থাপনের কাজ করতে যান বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) দুই কর্মী।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে গুলশানের ১২৩ নম্বর রোডের ‘গ্রিন ভিলা’ ভবনের সামনে ও আশেপাশের এলাকা ছিল নিরিবিলি। ভবনের ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য অবস্থান করলেও বাইরে উল্লেখযোগ্য কোনো তৎপরতা ছিলো না।
ভবনটির নিরাপত্তার দায়িত্বে থাকা মো. মাছুম জানান, রাষ্ট্রপতির পদত্যাগের পর তার এই ভবনের পঞ্চম তলায় ওঠার কথা রয়েছে।
তিনি গণমাধ্যমকে বলেন, তিন-চার দিন আগে স্যার এখানে এসেছিলেন। তখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রায় শতাধিক মানুষ এসেছিলেন। সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে তিনি আসেন এবং রাত পৌনে ৯টার দিকে চলে যান।
তিনি আরও বলেন, এরই মধ্যে বাসায় প্রয়োজনীয় কিছু ছোটখাটো কাজ সম্পন্ন করা হয়েছে। এছাড়া এখানে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) কয়েকজন সদস্যও রয়েছেন।
নতুন টেলিফোন সংযোগ দিতে আসা বিটিসিএলের টেলিকমিউনিকেশন্স মেকানিক (টিসিএম) আব্দুর রাজ্জাক জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী তারা নতুন একটি টেলিফোন লাইন স্থাপন করতে এসেছেন।
তিনি বলেন, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশেই আমরা এখানে এসেছি। আজ সরকারি ছুটির দিন হলেও বলা হয়েছে, তিনি পদত্যাগ করলে এই বাসাতেই উঠবেন।
তিনি আরও জানান, রাষ্ট্রপতি হওয়ার পর আগের টেলিফোন সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছিল। তাই এখন নতুন করে সংযোগ দেওয়া হচ্ছে।
এদিকে শুক্রবার বিকেলে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
সময়ের আলো/আরবিএন