সাহাবুদ্দিনের কিছু আলোচিত বক্তব্য

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মো. সাহাবুদ্দিনের বিভিন্ন বক্তব্য সময়ে সময়ে রাজনৈতিক অঙ্গন, গণমাধ্যম ও সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা

2026-07-24T20:52:44+00:00
2026-07-24T20:52:44+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
জাতীয়
সাহাবুদ্দিনের কিছু আলোচিত বক্তব্য
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮:৫২ পিএম 
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংগৃহীত ছবি
বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মো. সাহাবুদ্দিনের বিভিন্ন বক্তব্য সময়ে সময়ে রাজনৈতিক অঙ্গন, গণমাধ্যম ও সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। কখনো রাজনৈতিক বক্তব্য, কখনো নিজের রাজনৈতিক অতীতের স্মৃতিচারণ, আবার কখনো তাৎক্ষণিক পরিস্থিতিতে দেওয়া রসিকতাপূর্ণ মন্তব্য— বিভিন্ন কারণে তার বেশ কিছু বক্তব্য মানুষের মুখে মুখে ফিরেছে। কোনো বক্তব্য ব্যাপকভাবে প্রচারিত হয়েছে গণমাধ্যমে, আবার কোনোটি ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে।

এর মধ্যে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা পাবনায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া একটি তাৎক্ষণিক মন্তব্যের মাধ্যমেই মো. সাহাবুদ্দিন ব্যাপকভাবে আলোচনায় আসেন। ২০২৩ সালের ১৬ মে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক সপ্তাহ পর নিজ জেলা পাবনায় নাগরিক সংবর্ধনায় যোগ দেন সাহাবুদ্দিন। 

অনুষ্ঠান শেষে তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন হঠাৎ শুরু হয় কালবৈশাখী ঝড়। পেছনে দাঁড়িয়ে থাকা রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এডিসি) তাকে ঝড় ওঠার বিষয়টি অবহিত করেন।

এ সময় বক্তব্য দিতে দিতেই রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলে ওঠেন— ‘কিসের ঝড়, ঝড় উঠুক, আমিই তো এখানে ঝড় ওঠাচ্ছি।’ রাষ্ট্রপতির মুখে এমন তাৎক্ষণিক ও রসিকতাপূর্ণ মন্তব্যে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির সৃষ্টি হয়। পরে বক্তব্যটির ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপকভাবে ভাইরাল হয়। বিভিন্ন গণমাধ্যমেও বক্তব্যটি ফলাও করে প্রচার করা হয়।

এরপর নিজ জেলা পাবনায় দেওয়া আরেকটি বক্তব্যেও আলোচনায় আসেন সাহাবুদ্দিন। নিজের রাজনৈতিক অতীতের কথা তুলে ধরে তিনি বলেন— আমি ভেসে আসিনি, একেবারে রাজপথ থেকেই বঙ্গভবনে গিয়েছি। পাবনার রাজপথ থেকে বঙ্গভবনে গিয়েছি। 

নিজের রাজনৈতিক সংগ্রামের স্মৃতিচারণ করে তিনি জানান, বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়েছেন এবং রাজনৈতিক কারণে কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। এ বক্তব্যের মাধ্যমে তিনি রাষ্ট্রপতি পদে তার আসাকে দীর্ঘ রাজনৈতিক পথচলা ও সংগ্রামের ফল হিসেবে তুলে ধরেন। বক্তব্যটি প্রকাশের পর রাজনৈতিক অঙ্গন ও সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা হয়।

তবে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ঘিরে সবচেয়ে বড় রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক তৈরি হয় ২০২৪ সালের ৫ আগস্টের পর। ওই দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানিয়েছিলেন, শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। কিন্তু পরবর্তীতে এক সাক্ষাৎকারে তার বক্তব্য ছিল— আমার কাছে শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো দালিলিক প্রমাণ নেই। 


রাষ্ট্রপতির এই বক্তব্য তার আগের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় দেশজুড়ে ব্যাপক রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক তৈরি হয়। রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র থাকা বা না থাকা, পদত্যাগ গ্রহণের সাংবিধানিক প্রক্রিয়া এবং ৫ আগস্টের রাজনৈতিক ঘটনাপ্রবাহ—সবকিছু নিয়েই নতুন করে প্রশ্ন ওঠে।

২০২৬ সালের ১২ মার্চ জাতীয় সংসদে দেওয়া এক ভাষণেও সাহাবুদ্দিনের বক্তব্য ব্যাপক রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি করে। ওই ভাষণে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে ২০০১ সালে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল।

এছাড়া, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণেও রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দেয়। তিনি বলেন— গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। 

২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনকে তিনি বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেন।

তার এই দুই বক্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। কারণ, তিনি আওয়ামী লীগ সরকারের মনোনীত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ফলে যে সরকারের আমলে তিনি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হয়েছিলেন, সেই সরকারের পতনকে ‘গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন’ হিসেবে উল্লেখ করায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা তৈরি হয়।


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   সাহাবুদ্দিন  আলোচিত বক্তব্য 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: