ঢাকার ধামরাইয়ে শ্রী শ্রী যশোমাধবের প্রায় ৪০০ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রার আনুষ্ঠানিকভাবে সমাপনী ঘটেছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে পৌর এলাকার কায়তপাড়া রথখোলায় উল্টো রথ উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার বলেন, কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা, অধিকার ও ন্যায্য বিচার নিশ্চিত করবে।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উল্টো রথ টানের মাধ্যমে ভক্তরা যশোমাধবকে পুনরায় কায়তপাড়া রথখোলায় ফিরিয়ে নিয়ে যান। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজন কান্তি সরকার বলেন, নিরাপত্তা নিয়ে অপপ্রচারে কান না দিয়ে বিএনপিকে নির্বাচিত করায় এখন দলটির দায়িত্ব সব সম্প্রদায়ের পাশে থাকা।
তিনি উল্লেখ করেন, তারা কোনো অনুকম্পা বা বকশিশ চান না, বরং যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ, শিক্ষা, চিকিৎসা ও ন্যায্য পাওনা নিশ্চিতের দাবি জানান। উৎসব ঘিরে মানুষের মধ্যে নতুন আস্থা ও প্রশান্তি তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
জগন্নাথ মন্দির কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদসহ অন্য অতিথিরা।
ধর্মীয় এই আনুষ্ঠানিকতা ও উল্টো রথ টান সফলভাবে সম্পন্ন হলেও ধামরাই পৌরসভাজুড়ে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য, মিষ্টি, প্রসাধনী ও খেলাধুলার সামগ্রীর দোকান নিয়ে মাসব্যাপী ঐতিহ্যবাহী রথমেল অব্যাহত থাকবে।
সময়ের আলো/জেডি