দেশ-বিদেশে চলমান বিভিন্ন দাবা প্রতিযোগিতায় বাংলাদেশের দাবাড়ুরা উল্লেখযোগ্য সাফল্য দেখিয়ে যাচ্ছেন। কাজাখস্তান, হাঙ্গেরি, চীন এবং ঢাকায় অনুষ্ঠিত চারটি টুর্নামেন্টে তারা ইতিবাচক পারফরম্যান্স করেছেন।
কাজাখস্তানের ওসকেমেনে অনুষ্ঠিত ওসকেমেন ওপেন ২০২৬ মাস্টার্স দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড শেষে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান তিন খেলায় দুই পয়েন্ট সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার তৃতীয় রাউন্ডে তিনি স্বাগতিক কাজাখস্তানের ক্যান্ডিডেট মাস্টার প্রিমবেতভ নরাসিলকে পরাজিত করেন।
এর আগে দ্বিতীয় রাউন্ডে রাশিয়ার গ্র্যান্ড মাস্টার সাভভা ভেতোখিনের সঙ্গে হেরে যান ফাহাদ। ১৫টি দেশের ২২ জন গ্র্যান্ড মাস্টার, একজন মহিলা গ্র্যান্ড মাস্টার ও ২৯ জন আন্তর্জাতিক মাস্টারসহ মোট ৭৭ জন খেলোয়াড় এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। ফাহাদের অংশগ্রহণে আর্থিক পৃষ্ঠপোষকতা দিয়েছে পাকিজা গ্রুপ।
হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত ফারাগো ইভান মেমোরিয়াল ২০২৬ গ্র্যান্ডমাস্টার্স দাবা প্রতিযোগিতার সপ্তম রাউন্ড শেষে আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় সাত খেলায় সাড়ে তিন পয়েন্ট অর্জন করেছেন। বৃহস্পতিবার সপ্তম রাউন্ডে তিনি সার্বিয়ার গ্র্যান্ড মাস্টার মারকুস রবার্টের সঙ্গে ড্র করেন। এর আগে ষষ্ঠ রাউন্ডে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক মাস্টার হান ইচেনের কাছে পরাজিত হন।
এদিকে ঢাকায় বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত মানহাস ক্যাসেল ২৯তম আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন। তিনি ৯ খেলায় সাড়ে সাত পয়েন্ট সংগ্রহ করেন।
সমান পয়েন্ট পেলেও টাইব্রেকে পিছিয়ে রানারআপ হন মানহাস ক্যাসেলের ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান। সাত পয়েন্ট নিয়ে টাইব্রেকে তৃতীয় হন বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ। ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ প্রতিযোগিতায় ১৩২ জন খেলোয়াড় অংশ নেন। বিজয়ীদের মধ্যে মোট দুই লাখ টাকা অর্থ পুরস্কার বিতরণ করা হয়।
চীনের সেনজেনে চলমান ২৮তম এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর অষ্টম রাউন্ড শেষে ওপেন অনূর্ধ্ব-১৮ বিভাগে ফিদে মাস্টার সাকলইন মোস্তফা সাজিদ, ওপেন অনূর্ধ্ব-১২ বিভাগে সাফায়েত কিবরিয়া আজান এবং বালিকা অনূর্ধ্ব-১০ বিভাগে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দার সাড়ে চার পয়েন্ট করে অর্জন করেছেন।
ওপেন অনূর্ধ্ব-১৬ বিভাগে রায়ান রশিদ মুগ্ধ ও ওপেন অনূর্ধ্ব-১০ বিভাগে আবরার রিয়াজুল আহনাফের সংগ্রহ চার পয়েন্ট। বালিকা অনূর্ধ্ব-১৪ বিভাগে মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবুর সংগ্রহ সাড়ে তিন পয়েন্ট।
অষ্টম রাউন্ডে সাজিদ কিরগিজস্তানের আমিরাঝানভ বেকবোলকে, খুশবু চীনের ওয়াং হানঝাংকে, আজান গুয়ামের কিম জুনেসুনকে, ফারসাত হোসেন অয়ন থাইল্যান্ডের তারাফেটসাওয়াদ পাসিস্টকে এবং আলিশা হায়দার তাজিকিস্তানের সাইদাকরামজোদা ওইশাকে পরাজিত করেন। রায়ান রশিদ মুগ্ধ দক্ষিণ কোরিয়ার লি ইওরামের সঙ্গে ড্র করেন।
তবে ওয়ারিসা হায়দার, রিশভ রায়, আবরার রিয়াজুল আহনাফ, আওসাফ চৌধুরী, জান্নাতুল প্রীতি ও জোয়েনা মেহবিশ নিজ নিজ ম্যাচে পরাজিত হন।
সময়ের আলো/প্রিন্ট/কেএইচও