নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ইমন (২৫) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে শহরের বাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকার ‘জননী ছাত্রাবাস’ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইমন জেলার মান্দা উপজেলার মাগুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সম্মান (অনার্স) চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইমন শহরের জননী ছাত্রাবাসের ১০৯ নম্বর রুমে একাই থাকতেন। শুক্রবার সন্ধ্যায় গ্রামের বাড়ি থেকে ছাত্রাবাসে ফেরার পর থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি।
শনিবার সকাল ৯টার দিকে ইমনের মামা ছাত্রাবাসে এসে দরজায় বারবার কড়া নাড়লেও কোনো সাড়া পাননি। পরে আশপাশের শিক্ষার্থীদের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই