দেশের প্রতিটি মানুষের কর্মশক্তিকে উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগিয়েই দেশের অগ্রযাত্রা আরও গতিশীল করা হবে।
শনিবার (২৫ জুলাই) জামালপুরের দেওয়ানগঞ্জে শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, এই দেশ এমন একটি পর্যায়ে পৌঁছাবে, যেখানে সারাবিশ্বের মানুষ বাংলাদেশকে দেখে বিস্মিত হবে। আমাদের সম্ভাবনা, পরিশ্রম ও সম্মিলিত উদ্যোগই হবে সেই অগ্রযাত্রার মূল শক্তি।
প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; মানুষের জীবনমানের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোও সরকারের অঙ্গীকারের গুরুত্বপূর্ণ অংশ।
দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, জনগণের অংশগ্রহণ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে নিম্নআয়ের পরিবারের সদস্যদের মধ্যে শুকনো খাবারের প্যাকেট ও ঢেউটিন বিতরণ করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সময়ের আলো/আরবিএন