ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন, ক্রিয়েটিভিটি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ (আইস) সেন্টারের আয়োজিত ‘আইডিয়া কম্পিটিশন ২০২৬’-এ সারা দেশ থেকে জমা পড়া ৫৭৭টি আবেদনের মধ্য থেকে ৪১টি উদ্ভাবনী আইডিয়া চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। নির্বাচিতরা ৩১৮ ঘণ্টাব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি ৫৫ লাখ টাকার সিড ফান্ডের জন্য প্রতিযোগিতার সুযোগ পাবেন।
গত বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কারাস ভবনে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে কোইকা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম বলেন, এ প্রকল্প দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার সহযোগিতা আরও জোরদার করবে।
আইস সেন্টারের নির্বাহী পরিচালক রাশেদুর রহমান জানান, প্রশিক্ষণের আওতায় অংশগ্রহণকারীরা মেন্টরশিপ, শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন, নেটওয়ার্কিং ও ব্যবসা উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা পাবেন। এছাড়া তিন মাস পর দ্বিতীয় ব্যাচের জন্য নতুন করে আবেদন গ্রহণ করা হবে।
কোইকা বাংলাদেশের সহায়তায় পরিচালিত এ প্রকল্পে সহযোগিতা করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও শিক্ষা মন্ত্রণালয়। এর লক্ষ্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্ভাবনভিত্তিক উদ্যোক্তা তৈরির পরিবেশ গড়ে তোলা।
সময়ের আলো/এসএকে