রাজধানীর কাফরুলে যুবদল কর্মী ইউসুফ আলীকে (৪৫) গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতার শ্যুটার মো. চঞ্চল মোল্যার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (২৫ জুলাই) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আদালতে চঞ্চল মোল্যাকে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও কাফরুল থানার উপপরিদর্শক ইউসুফ আলী ভুঁইয়া ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে শুনানির সময় আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
পুলিশ জানায়, শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মিরপুর-১৩ নম্বর ই-ব্লকের ওপেক্স গার্মেন্টসের সামনে কয়েকজন দুর্বৃত্ত ইউসুফ আলীসহ কয়েকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।
এতে ইউসুফসহ তিনজন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২টা ৪০ মিনিটের দিকে চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকরা জানান, ইউসুফের বুকের ডান পাশে গুলি লেগেছিল। আহত অপর দুই ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের একজনের মাথার ডান পাশে এবং অন্যজনের বাম পায়ে গুলি লেগেছে।
ঘটনার পর স্থানীয়রা অস্ত্রধারী চঞ্চল মোল্যাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
জিজ্ঞাসাবাদে হামলায় জড়িত আরও কয়েকজনের নাম প্রকাশ করেছেন চঞ্চল। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা হয়েছে।
এদিকে ইউসুফ আলী হত্যার ঘটনায় তার ভাই বাদী হয়ে শনিবার সকালে কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
সময়ের আলো/এমকে