পদত্যাগের পর আনুষ্ঠানিক বিদায় প্রক্রিয়া শেষ করে আজ বঙ্গভবন ছাড়তে পারেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনে অবস্থানকালে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ী বৈঠক করেছেন। এরপর রাজধানীর গুলশানে নিজের বাসভবনে উঠার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর আগে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
পদত্যাগের পর থেকেই মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে অবস্থান করছিলেন।
জানা গেছে, বঙ্গভবন ছাড়ার পর তিনি গুলশানের নিজস্ব ফ্ল্যাটে থাকবেন। সাবেক রাষ্ট্রপতির বাসভবন হিসেবে সেখানে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।
এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেওয়ার পরও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার জন্য নির্ধারিত সরকারি বাসভবনেই অবস্থান করছেন। তার নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) ও স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) দায়িত্ব পালন করছে।
নিজ বাসভবনে অবস্থান করলেও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবন থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন বলে জানা গেছে।
সময়ের আল/এমকে