শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলার অভিযোগ দাখিল আজ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে

2026-07-27T10:17:50+00:00
2026-07-27T10:27:35+00:00
 
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ জুলাই ২০২৬
আইন-আদালত
শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলার অভিযোগ দাখিল আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১০:১৭ এএম  আপডেট: ২৭.০৭.২০২৬ ১০:২৭ এএম
সংগৃহীত ছবি
মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে আজ (সোমবার, ২৭ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হতে পারে।

প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগপত্র জমা দেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

এর আগে গত ১৯ জুলাই চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত সংস্থার খসড়া প্রতিবেদন তাদের হাতে এসেছে। ওই প্রতিবেদনে দণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক এক সেনাপ্রধান, সাবেক এক আইজিপিসহ ৪০ জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের ভিত্তি পাওয়া গেছে। যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রস্তুতি নেওয়া হবে।

তিনি আরও বলেন, তদন্তের খসড়া প্রতিবেদনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজসহ ৪০ জনের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। আসামিদের তালিকায় একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা, সাংবাদিক শাহরিয়ার কবীর এবং তৎকালীন পুলিশ ও র‌্যাবের প্রধানরাও রয়েছেন।

চিফ প্রসিকিউটর জানান, তদন্ত সংস্থা ইতোমধ্যে প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে এবং সেটি পর্যালোচনার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিলের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।


এদিকে মামলার অগ্রগতি জানতে গত ১৯ জুলাই হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের ১৫ থেকে ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যান। সংগঠনটির সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ (মধুপুর পীর সাহেব)-এর নেতৃত্বে ওই প্রতিনিধিদলে যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার, মুফতি মীর ইদ্রিসসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দিনভর উত্তেজনা ও সংঘর্ষের পর গভীর রাতে পুলিশ, র‌্যাব ও বিজিবির যৌথ অভিযানে শাপলা চত্বর খালি করা হয়। ওই অভিযানে বহু মানুষ নিহত হওয়ার অভিযোগের ঘটনায় বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত চলছে।

এর মধ্যে গত শনিবার (২৫ জুলাই) অনুষ্ঠিত এক পরামর্শ সভায় চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় ২৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়া হবে।

চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরে হত্যাকাণ্ডের পর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে দাবি করা হয়েছিল, রং মেখে আহত-নিহতের ঘটনা সাজানো হয়েছে। দুটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়েছিল। অনেক টেলিভিশন চ্যানেল ফুটেজ ধারণ করলেও তা প্রচার করেনি। তারপরও তদন্ত সংস্থা ঘটনাটির তদন্ত সম্পন্ন করতে সক্ষম হয়েছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   শাপলা চত্বর  ট্র্যাজেডি  ট্রাইব্যুনাল  শেখ হাসিনা 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: